
হোশেয় 1
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
ঈশ্বর হোশেয়কে গোমরকে বিয়ে করতে আদেশ দেন, এবং তাদের পরিবার ইস্রায়েলের জন্য একটি জীবন্ত চিহ্ন হয়ে ওঠে। তাদের তিন সন্তানের নাম বিচার, প্রত্যাহৃত করুণা ও ভাঙা আপনত্ব ঘোষণা করে, তবুও অধ্যায়টি নবায়িত ঐক্য ও অগণিত বংশধরের প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়।
ভাববাণীমূলক চিহ্ননিয়মের অবিশ্বস্ততাবিচারপুনরুদ্ধার
1যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে এবং যিহোয়াশের পুত্র ইস্রায়েলের রাজা যারবিয়ামের সময়ে সদাপ্রভুর এই বাক্য বেরির পুত্র হোশেয়ের কাছে উপস্থিত হল:
2সদাপ্রভু যখন হোশেয়ের মাধ্যমে কথা বলা শুরু করলেন, তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি যাও, এক ব্যভিচারী স্ত্রী ও অবিশ্বস্ততার সন্তানদের গ্রহণ করো, কারণ এই দেশ সদাপ্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ায় এক ভয়ংকর ব্যভিচার করেছে।”
3তাই তিনি গিয়ে দিবলায়িমের কন্যা গোমরকে বিবাহ করলেন, এবং সে গর্ভবতী হয়ে তাঁর জন্য এক পুত্র প্রসব করল।
4এরপর সদাপ্রভু হোশেয়কে বললেন, “ওর নাম রাখো যিষ্রিয়েল, কারণ যিষ্রিয়েলে হত্যালীলা সংঘটিত করার অপরাধে আমি যেহূর কুলকে সত্বর শাস্তি দেব এবং আমি ইস্রায়েল রাজ্যের পরিসমাপ্তি ঘটাব।
5সেদিন, আমি যিষ্রিয়েল উপত্যকায় ইস্রায়েলের ধনুক ভেঙে ফেলব।”
6গোমর আবার গর্ভবতী হয়ে এক কন্যাসন্তানের জন্ম দিল। তখন সদাপ্রভু হোশেয়কে বললেন, “ওর নাম রাখো লো-রুহামা, কারণ আমি আর ইস্রায়েল কুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না। আমি তাদের আর ক্ষমা করব না।
7কিন্তু যিহূদা কুলের প্রতি আমি আমার ভালোবাসা প্রদর্শন করব। আমি তাদের উদ্ধার করব, তির, তরোয়াল বা যুদ্ধের দ্বারা নয়, অশ্ব বা অশ্বারোহীদের দ্বারাও নয়, কিন্তু তাদের ঈশ্বর সদাপ্রভুর দ্বারা।”
8গোমর লো-রুহামাকে স্তন্যপান ত্যাগ করানোর পরে তার আর একটি পুত্র হল।
9তখন সদাপ্রভু বললেন, “ওর নাম রাখো লো-অম্মি, কারণ তোমরা আমার প্রজা নও এবং আমি তোমাদের ঈশ্বর নই।
10“তবুও ইস্রায়েল-সন্তানদের সংখ্যা হবে সমুদ্রতটের সেই বালুকণার মতো, যার পরিমাপ করা বা গণনা করা যায় না। যেখানে তাদের বলা হয়েছিল, ‘তোমরা আমার প্রজা নও,’ সেখানে তাদের বলা হবে, ‘জীবন্ত ঈশ্বরের পুত্র।’
11কারণ যিহূদা কুল ও ইস্রায়েল কুলের লোকেরা পুনরায় সংযুক্ত হবে; তারা একজন নেতাকে নিযুক্ত করে সেই দেশ থেকে বের হয়ে আসবে, এবং যিষ্রিয়েলের সেদিন মহান হবে।”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.