A woman stands where a thorn-blocked barren path opens into a luminous vineyard with grain, oil, water, and peaceful animals

হোশেয় 2

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
ইস্রায়েলের অবিশ্বস্ততা একটি ভাঙা বিবাহের মাধ্যমে চিত্রিত হয়: উপহার অন্য প্রেমিকদের কৃতিত্ব দেওয়া হয়, তাই ব্যবস্থা প্রত্যাহার করা হয় এবং মিথ্যা আরাধনা প্রকাশিত হয়। তবুও ঈশ্বর ইস্রায়েলকে প্রান্তরে নেতৃত্ব দেওয়ার, কোমলভাবে কথা বলার, নিয়মের শান্তি নবায়ন করার ও আপনত্ব পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দেন।
শৃঙ্খলাপ্রতিমাপূজানিয়মের ভালোবাসাপুনরুদ্ধার
1“তোমাদের ভাইদের বলো, ‘আমার প্রজা’ এবং তোমাদের বোনেদের বলো, ‘আমার প্রিয়পাত্রী।’
2“তোমাদের মাকে তিরস্কার করো, তিরস্কার করো তাকে, কারণ সে আমার স্ত্রী নয়, এবং আমিও তার স্বামী নই। সে তার মুখমণ্ডল থেকে ব্যভিচারী চাউনি এবং তার স্তনযুগলের মধ্য থেকে অবিশ্বস্ততা দূর করুক।
3তা না হলে আমি তাকে বিবস্ত্র করব এবং জন্মক্ষণে সে যেমন ছিল, তেমনই তাকে উলঙ্গ রেখে দেব; আমি তাকে এক মরুপ্রান্তর সদৃশ করব, তাকে এক শুষ্ক-ভূমিতে পরিণত করব এবং পিপাসায় তার প্রাণ হরণ করব।
4আমি তার ছেলেমেয়েদের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না, কারণ তারা ব্যভিচারের সন্তান।
5তাদের মা অবিশ্বস্ত হয়েছে ও কলঙ্কিত হয়ে তাদের গর্ভে ধারণ করেছে। সে বলেছে, ‘আমি আমার প্রেমিকদের পশ্চাদগামী হব, যারা আমার অন্নজল, আমার পশম ও মসিনার পোশাক, আমার তেল ও আমার পানীয় যুগিয়ে দেয়।’
6তাই আমি কাঁটাঝোপে তার পথ রুদ্ধ করব; আমি তাকে প্রাচীরের মধ্যে অবরুদ্ধ করব, যেন সে তার সেই পথ খুঁজে না পায়।
7সে তার প্রেমিকদের পশ্চাদ্ধাবন করবে, কিন্তু তাদের নাগাল পাবে না; সে তাদের অন্বেষণ করবে, কিন্তু তাদের সন্ধান পাবে না। তখন সে বলবে, ‘আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব, কারণ তখন আমি এখনকার চেয়ে ভালো ছিলাম।’
8সে স্বীকার করেনি যে, আমিই সেই জন যে তাকে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল দিতাম, তাকে অপরিমিত পরিমাণে সোনা ও রুপো দিতাম, যা তারা বায়াল-দেবতার উদ্দেশে ব্যবহার করেছে।
9“অতএব, আমার শস্য পরিপক্ব হলে ও আমার নতুন দ্রাক্ষারস তৈরি হলে, আমি সেগুলি অপসারিত করব। তার নগ্নতা নিবারণের জন্য দেওয়া, আমার পশম ও মসিনার পোশাক আমি ফেরত নেব।
10তাই এখন আমি তার প্রেমিকদের সামনে তার চরিত্রহীনতার কথা প্রকাশ করব; আমার হাত থেকে কেউ তাকে নিস্তার করতে পারবে না।
11আমি তার সমস্ত আনন্দ উদ্‌যাপন, তার বাৎসরিক উৎসব-অনুষ্ঠান, তার অমাবস্যা, সাব্বাথদিনগুলি ও তার নিরূপিত পালাপার্বনগুলি আমি বন্ধ করে দেব।
12আমি তার সব দ্রাক্ষালতা, তার ডুমুর গাছগুলি আমি ধ্বংস করব, কারণ সে বলেছিল যে, সেগুলি তার প্রেমিকদের কাছ থেকে পাওয়া বেতনস্বরূপ; আমি সেগুলিকে ঘন ঝোপঝাড়ে পরিণত করব, বন্যপশুরা সেগুলি গ্রাস করবে।
13বায়াল-দেবতাদের উদ্দেশে সে যতদিন ধূপদাহ করেছিল, তার জন্য আমি তাকে শাস্তি দেব; সে আংটি ও বিভিন্ন অলংকারে নিজেকে সজ্জিত করত এবং তার প্রেমিকদের পশ্চাদগামী হত, কিন্তু আমাকে সে ভুলে গিয়েছিল,” সদাপ্রভু একথা ঘোষণা করেন।
14“অতএব আমি এখন তাকে বিমোহিত করব; তাকে মরুপ্রান্তরের পথে চালিত করব, ও তার সঙ্গে কোমল স্বরে কথা বলব।
15সেখানে আমি তাকে তার দ্রাক্ষাকুঞ্জ ফিরিয়ে দেব এবং আখোর উপত্যকাকে তৈরি করব এক আশার দুয়ারে। সেখানে সে তার যৌবনকালের দিনগুলির মতো প্রতিক্রিয়া করবে, যেমন যেদিন সে মিশর ছেড়ে বের হয়ে এসেছিল।”
16সদাপ্রভু বলেন, “সেদিন, তুমি আমাকে ‘আমার স্বামী’ বলে সম্বোধন করবে; তুমি আর আমাকে ‘আমার প্রভু’ বলে সম্বোধন করবে না।
17আমি তার ওষ্ঠাধর থেকে যাবতীয় বায়াল-দেবতার নাম মুছে দেব; তাদের নাম আর কখনও উচ্চারণ করা হবে না।
18সেদিন আমি তাদের হয়ে মাঠের সমস্ত পশু, আকাশের সমস্ত পাখি এবং মাটিতে বিচরণকারী যাবতীয় সরীসৃপের সঙ্গে একটি চুক্তি করব। আমি দেশ থেকে লোপ করব ধনুক, তরোয়াল ও যুদ্ধ যেন সকলে নিরাপদে শয়ন করতে পারে।
19আমি তোমাকে চিরকালের জন্য আমার আপন করার জন্য বাগ্‌দান করব; আমি তোমাকে ধার্মিকতায়, ন্যায়বিচারে, প্রেমে ও করুণায় বাগ্‌দান করব।
20আমি বিশ্বস্ততার সঙ্গে তোমাকে বাগ্‌দান করব, এর ফলে তুমি সদাপ্রভুকে জানতে পারবে।”
21সদাপ্রভু বলেন, “সেদিন আমি সাড়া দেব, আমি আকাশমণ্ডলের ডাকে সাড়া দেব আর তারা ধরিত্রীর আহ্বানে সাড়া দেবে;
22এবং ধরিত্রী তখন শস্য, নতুন দ্রাক্ষারস ও তেলের ডাকে সাড়া দেবে এবং তারা সকলে যিষ্রিয়েলকে সাড়া দেবে।
23আমি আমারই জন্য তাকে দেশের মধ্যে রোপণ করব; তাঁর প্রতি আমি আমার প্রেম প্রদর্শন করব, যাকে এক সময় বলেছিলাম, ‘তুমি আমার প্রিয়পাত্রী নও।’ যাদের আমি এক সময় বলেছিলাম, ‘আমার প্রজা নও,’ তাদের আমি বলব, ‘তোমরা আমার প্রজা’; আর তারা বলবে, ‘তুমি আমার ঈশ্বর।’ ”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.