A young traveler consults an elder while pilgrims take a bright road past concealed traps

গীত 25

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ২৫ আস্থা, পথনির্দেশ, ক্ষমা, নিয়মের বন্ধুত্ব ও একাকীত্ব একত্রিত করে। শিক্ষণীয়দের ভালো পথে নেতৃত্ব দেওয়া হয় যখন শত্রু ও লুকানো ফাঁদ সততার সঙ্গে ও নম্রভাবে বিশ্বস্ত প্রার্থনায় আনা হয়।
পথনির্দেশক্ষমানিয়মআস্থা
1হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমাতেই আস্থা রাখি।
2আমি তোমাতে আস্থা রাখি; আমাকে লজ্জিত হতে দিয়ো না। আমার উপর আমার শত্রুদের জয়লাভ করতে দিয়ো না।
3যারা তোমার উপর আশা রাখে, তারা কখনও লজ্জিত হবে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারা লজ্জার পাত্র হবে।
4হে সদাপ্রভু, তোমার পথসকল আমাকে দেখাও, তোমার পন্থাসকল আমায় শেখাও।
5তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও, কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা, এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি।
6হে সদাপ্রভু, তোমার মহান দয়া ও প্রেম স্মরণ করো, যা অনাদিকাল থেকে অবিচল।
7আমার যৌবনের পাপসকল স্মরণে রেখো না, মনে রেখো না আমার বিদ্রোহী আচরণ; তোমার অবিচল প্রেমের গুণে আমায় মনে রেখো; কারণ, হে সদাপ্রভু, তুমি উত্তম।
8সদাপ্রভু উত্তম ও ন্যায়পরায়ণ; তাই তিনি পাপীদের তাঁর পথে চলার উপদেশ দেন।
9যারা নম্র তাদের তিনি সঠিক পথে চালনা করেন; এবং তাঁর পথ তাদের তিনি শিক্ষা দেন।
10যারা তাঁর নিয়মের শর্তসকল পালন করে তাদের প্রতি সদাপ্রভুর সব পথ প্রেমময় ও বিশ্বস্ত।
11তোমার নামের গুণে, হে সদাপ্রভু, আমার অপরাধ ক্ষমা করো, যদিও সেসব গুরুতর।
12তাহলে কে তারা, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে? তাদের যে পথে চলা উচিত সেই পথ সদাপ্রভু তাদের দেখাবেন।
13তারা স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটাবে, এবং তাদের বংশধরেরা দেশের অধিকার পাবে।
14যারা তাঁকে সম্ভ্রম করে সদাপ্রভু গুপ্ত বিষয় তাদের কাছে ব্যক্ত করেন; তিনি তাঁর নিয়ম তাদের কাছে প্রকাশ করেন।
15আমার চোখ সর্বদা সদাপ্রভুর দিকে স্থির, কারণ তিনিই কেবল শত্রুদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করবেন।
16আমার প্রতি ফিরে চাও ও আমায় কৃপা করো, কারণ আমি একাকী ও পীড়িত।
17আমার হৃদয়ের কষ্ট মোচন করো ও মনের যন্ত্রণা থেকে মুক্ত করো।
18আমার দুর্দশা ও বেদনার প্রতি দৃষ্টিপাত করো এবং আমার সমস্ত পাপ দূর করো।
19দেখো আমার শত্রুরা কত অসংখ্য এবং কী উগ্রভাবে তারা আমায় ঘৃণা করে।
20আমার জীবন সুরক্ষিত করো ও উদ্ধার করো; আমাকে লজ্জায় পড়তে দিয়ো না, কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।
21সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক, কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।
22হে ঈশ্বর, ইস্রায়েলকে মুক্ত করো, তাদের সব সংকট থেকে!

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.