A dense locust swarm darkens the sky above stripped vineyards as elders, farmers, and priests gather beside empty baskets and a quiet altar

যোয়েল 1

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
যোয়েল প্রতিটি প্রজন্মকে একটি অভূতপূর্ব পঙ্গপাল আক্রমণ স্মরণ করতে ডাকেন যা দ্রাক্ষালতা, শস্য, গাছ ও চারণভূমি ছিনিয়ে নেয়। কৃষকরা শোক করে, মন্দিরের নৈবেদ্য বন্ধ হয়ে যায়, এবং এমনকি প্রাণীরাও খরায় ভোগে। যাজক ও প্রাচীনদের উপবাস, সম্প্রদায় জড়ো করা ও কাঁদার জন্য ডাকা হয় কারণ প্রভুর দিন নিকটবর্তী হয়।
পঙ্গপাল মহামারীবিলাপউপবাসপ্রভুর দিন
1সদাপ্রভুর এই বাক্য পথূয়েলের পুত্র যোয়েলের কাছে উপস্থিত হল।
2আপনারা যারা প্রাচীন, একথা শুনুন; দেশে বসবাসকারী তোমরা সকলেই শোনো। তোমাদের সময়কালে, কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময়ে, এরকম ঘটনা কখনও কি ঘটেছে?
3তোমাদের সন্তানদের কাছে একথা বলো, তোমাদের সন্তানেরা তাদের সন্তানদের কাছে একথা বলুক, আর তাদের সন্তানেরা বলুক পরবর্তী প্রজন্মের কাছে।
4পঙ্গপালের ঝাঁক যা ছেড়ে গিয়েছে, তা বড়ো পঙ্গপালেরা খেয়ে ফেলেছে; বড়ো পঙ্গপালের যা ছেড়ে দিয়েছে, তরুণ পঙ্গপালেরা তা খেয়ে ফেলেছে; আর তরুণ পঙ্গপালেরা যা ছেড়ে দিয়েছে, তা অন্য পঙ্গপালেরা খেয়ে ফেলেছে।
5ওহে মাতাল ব্যক্তিরা, তোমরা ওঠো ও কাঁদো! যারা সুরা পান করো, তোমরা বিলাপ করো; নতুন দ্রাক্ষারসের জন্য বিলাপ করো, কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
6এক জাতি আমার দেশকে আক্রমণ করেছে, তারা শক্তিশালী ও সংখ্যায় অগণ্য; তার আছে সিংহের মতো দাঁত, আছে সিংহীর মতো কশের দাঁত।
7সে আমার দ্রাক্ষালতা নষ্ট করেছে, আমার ডুমুর গাছগুলি ধ্বংস করেছে। সে তাদের ছালগুলি খুলে দূরে ফেলে দিয়েছে, তাদের শাখাপ্রশাখা ত্বকশূন্য সাদা দেখা যায়।
8তোমরা শোকবস্ত্র পরে যুবতী নারীর মতো বিলাপ করো, যে যৌবনেই তার স্বামীর মৃত্যুতে শোক করে।
9শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সকল সদাপ্রভুর গৃহ থেকে অপহৃত হয়েছে। যারা সদাপ্রভুর সামনে পরিচর্যা করেন, সেই যাজকেরা সবাই শোক করছেন।
10মাঠগুলি সব বিধ্বস্ত হয়েছে, জমি শুকিয়ে গেছে; শস্যরাশি ধ্বংস করা হয়েছে, নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে, তেল সব শেষ হতে চলেছে।
11ওহে কৃষকেরা, তোমরা হতাশ হও, দ্রাক্ষাচাষিরা, তোমরা বিলাপ করো; তোমরা গম ও যবের জন্য দুঃখ প্রকাশ করো, কারণ মাঠের সব উৎপন্ন শস্য ধ্বংস হয়েছে।
12দ্রাক্ষালতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ জীর্ণ হয়েছে; ডালিম, খেজুর ও আপেল গাছ— মাঠের যত গাছপালা—শুকিয়ে গেছে। সত্যিই মানবজাতির সব আনন্দ ফুরিয়ে গেছে।
13ওহে যাজকেরা, তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো; যারা বেদির সামনে পরিচর্যা করো, তোমরা হাহাকার করো। তোমরা, যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো, তোমরাও এসো, সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও; কারণ ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি।
14এক পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, এক পবিত্র সভার আহ্বান করো। প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে, তাদের সবাইকে তলব করো, তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে।
15হায় হায়, সে কেমন দিন! কারণ সদাপ্রভুর দিন সন্নিকট; এ যেন সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মতো আসছে।
16আমাদের চোখের সামনে থেকেই কি খাবার, আনন্দ ও উল্লাস আমাদের ঈশ্বরের গৃহ থেকে নিয়ন্ত্রিত করা হয়নি?
17যত শস্যবীজ মাটির ঢেলার নিচে পচে গেছে। শস্যভাণ্ডারের গৃহগুলি ধ্বংস হয়েছে, গোলাঘরগুলি ভেঙে ফেলা হয়েছে, কারণ শস্য সব শুকিয়ে গেছে।
18পশুপাল কেমন আর্তস্বর করছে! বলদের পাল দিশেহারা হয়ে পড়েছে, কারণ তাদের জন্য কোনো চারণভূমি নেই।
19হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকি, কারণ আগুন খোলা চারণভূমিকে গ্রাস করেছে আর আগুনের শিখা মাঠের সমস্ত গাছপালা দগ্ধ করেছে।
20এমনকি, বুনো পশুরাও হাঁপাতে হাঁপাতে তোমার দিকে চেয়ে আছে; জলের সমস্ত উৎস শুকিয়ে গেছে আর আগুন খোলা চারণভূমিগুলি ধ্বংস করেছে।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.