
হোশেয় 11
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
ঈশ্বর ইস্রায়েলকে একটি সন্তান হিসেবে ভালোবাসা স্মরণ করেন, মিশর থেকে জাতিকে ডাকেন, তাকে হাঁটতে শেখান এবং দয়ার সঙ্গে তাকে টানেন। যদিও জনগণ প্রতিমার দিকে ফিরে যায় ও বিজয়ের মুখোমুখি হয়, স্বর্গীয় করুণা সম্পূর্ণ ধ্বংস থেকে পিছু হটে এবং প্রতিশ্রুতি দেয় কম্পমান সন্তানরা বাড়ি ফিরে আসবে।
পিতামাতার ভালোবাসাবিদ্রোহকরুণাপ্রত্যাবর্তন
1“ইস্রায়েল যখন শিশু ছিল, আমি তাকে ভালোবাসলাম, এবং মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম।
2কিন্তু আমি ইস্রায়েলকে যতবার ডেকেছি, তারা তত বেশি আমার কাছ থেকে দূরে সরে গেল। তারা বায়াল-দেবতাদের সামনে বলি উৎসর্গ করল এবং তারা প্রতিমাদের সামনে ধূপদাহ করল।
3আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম, তাদের কোলে নিতাম; তারা কিন্তু বুঝলো না। যে আমিই তাদের সুস্থ করেছিলাম।
4আমি মানবিক সদিচ্ছা ও স্নেহের দড়ি দিয়ে তাদের চালিত করতাম; তাদের ঘাড় থেকে জোয়াল তুলে নিতাম এবং ঝুঁকে পড়ে তাদের খাবার খাওয়াতাম।
5“তারা কি মিশরে ফিরে যাবে না এবং আসিরিয়া কি তাদের উপরে রাজত্ব করবে না, যেহেতু তারা অনুতপ্ত হতে চায়নি?
6তাদের নগরগুলিতে তরোয়াল ঝলসে উঠবে, যা ভেঙে ফেলবে তাদের নগরদ্বারগুলির খিল এবং পরিসমাপ্তি ঘটাবে তাদের পরিকল্পনাসমূহের।
7আমার প্রজারা আমার কাছ থেকে মুখ ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। তাই যতই তারা পরাৎপর ঈশ্বরকে ডাকুক, তিনি কিন্তু কোনোভাবেই তাদের তুলে ধরবেন না।
8“ইফ্রয়িম, আমি কীভাবে তোমাকে ত্যাগ করতে পারি? ইস্রায়েল, আমি কীভাবে তোমাকে অন্যের হাতে সমর্পণ করব? আমি কীভাবে তোমার প্রতি অদ্মার মতো আচরণ করব? কীভাবেই বা আমি তোমাকে সবোয়িমের তুল্য করে তুলবো? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে; আমার সমস্ত অনুকম্পা উথলে উঠছে।
9আমার ভয়ংকর ক্রোধ আমি কার্যকর করব না, কিংবা ইফ্রয়িমের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে তাঁকে ছারখার করব না। কারণ আমি ঈশ্বর, মানুষ নই, তোমাদের মধ্যবর্তী আমি সেই এক ও অদ্বিতীয় পবিত্রজন। তাই আমি সক্রোধে উপস্থিত হব না।
10তারা সদাপ্রভুর অনুসরণ করবে; তিনি সিংহের মতো গর্জন করবেন। এবং যখন তিনি গর্জন করেন, তখন তাঁর সন্তানেরা পশ্চিমদিক থেকে কম্পিত হয়ে আসবে।
11মিশর থেকে পাখির মতো তারা কাঁপতে কাঁপতে আসবে, আসিরিয়া থেকে ঘুঘুর মতো আসবে। আমি তাদের গৃহে তাদের প্রতিষ্ঠিত করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
12ইফ্রয়িম মিথ্যা কথায় ও ইস্রায়েল ছলনায় আমাকে ঘিরে আছে। এবং যিহূদা ঈশ্বরের বিরুদ্ধে অবাধ্য এমনকি বিশ্বস্ত পবিত্রজনের বিরুদ্ধেও।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.