
সখরিয় 2
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
একজন জরিপকারী জেরুজালেম পরিমাপ করতে প্রস্তুত হন, কিন্তু পুনরুদ্ধারকৃত শহর তার জনগণ ও পশুসম্পদের কারণে প্রাচীরের বাইরে উপচে পড়বে। ঈশ্বর ভিতরে রক্ষাকারী আগুন ও মহিমার প্রতিশ্রুতি দেন। নির্বাসিতদের উত্তর থেকে ডাকা হয়, জাতিসমূহ প্রভুর সঙ্গে যুক্ত হবে, এবং সকল মাংসকে নীরবতার জন্য ডাকা হয়।
জেরুজালেমসুরক্ষানির্বাসন থেকে প্রত্যাবর্তনজাতিসমূহ
1তারপর আমি চোখ তুলে দেখলাম, আর সেখানে আমার সামনে মাপের দড়ি হাতে একজন লোক ছিল!
2আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?” তিনি উত্তর দিলেন, “জেরুশালেমকে মাপতে, সেটা কত চওড়া আর কত লম্বা তা দেখতে যাচ্ছি।”
3তারপর যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে এলেন
4এবং তাঁকে বললেন, “আপনি দৌড়ে গিয়ে ওই যুবককে বলুন, ‘জেরুশালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশি হওয়ার দরুন তাতে কোনও প্রাচীর থাকবে না।
5এবং আমি নিজেই তার চারপাশে আগুনের প্রাচীর হব আর তার মধ্যে মহিমাস্বরূপ হব,’ সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
6“এসো! এসো! উত্তর দেশ থেকে পালাও,” সদাপ্রভু এই কথা বলেন, “কেননা আমি তোমাদের আকাশে বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে দিয়েছি,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
7“এসো, হে সিয়োন! তোমরা যারা ব্যাবিলনে বাস করছ, পালাও!”
8কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “সেই প্রতাপান্বিত জন যারা তোমাদের লুট করেছে তাদের বিরুদ্ধে আমাকে পাঠানোর পরে—কারণ যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে—
9আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমার হাত উঠাব যাতে তাদের দাসেরা তাদের লুট করবে। তখন তারা জানতে পারবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন।
10“হে সিয়োন-কন্যা, আনন্দগান করো এবং খুশি হও। কেননা আমি আসছি, এবং আমি তোমাদের মধ্যে বাস করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
11“সেদিন অনেক জাতি সদাপ্রভুর সঙ্গে যুক্ত হয়ে আমার লোক হবে। আমি তোমাদের মধ্যে বাস করব আর তোমরা জানবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
12সদাপ্রভু পবিত্র দেশে নিজের অংশ বলে যিহূদাকে অধিকার করবেন ও জেরুশালেমকে আবার মনোনীত করবেন।
13সমস্ত মানুষ, সদাপ্রভুর সামনে নীরব হও, কেননা তিনি নিজের পবিত্র বাসস্থানের মধ্য থেকে বের হয়ে এসেছেন।”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.