
গীত 72
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৭২ স্বর্গীয় ন্যায়বিচার দ্বারা গঠিত রাজকীয় কর্তৃত্ব কল্পনা করে। আদর্শ রাজা দরিদ্রদের রক্ষা করেন, নিপীড়ন পিষে ফেলেন, বৃষ্টির মতো শান্তি আনেন, দূরবর্তী জাতিসমূহের সম্মান পান এবং সমৃদ্ধিশীল ক্ষেত্রের উপর সভাপতিত্ব করেন যা প্রতিটি জনগণকে আশীর্বাদ করে।
ন্যায়বিচাররাজত্বশান্তিদরিদ্র
1হে ঈশ্বর, তুমি রাজাকে ন্যায়পরায়ণতা আর রাজপুত্রকে ধার্মিকতা প্রদান করো।
2তিনি ধার্মিকতায় তোমার ভক্তদের আর ন্যায়পরায়ণতায় তোমার পীড়িতদের বিচার করবেন।
3পর্বতগুলি সবার জন্য সমৃদ্ধি নিয়ে আসুক, আর পাহাড়গুলি ধার্মিকতার ফল প্রদান করুক।
4তিনি লোকেদের মাঝে পীড়িতদের বিচার করুন আর অভাবীদের ছেলেমেয়েদের রক্ষা করুন; তিনি অত্যাচারীকে চূর্ণ করুন।
5যতদিন সূর্য থাকবে ততদিন আর যতদিন চন্দ্রের অস্তিত্ব রইবে, তিনি স্থায়ী হবেন, বংশপরম্পরায় হবেন।
6কাটা ঘাসের প্রান্তরে তিনি বৃষ্টির মতো নেমে আসবেন, জলধারার মতো যা পৃথিবীকে সেচন করে।
7তাঁর সময়ে ধার্মিক উন্নতি লাভ করবে আর চন্দ্রের শেষকাল পর্যন্ত সমৃদ্ধি উপচে পড়বে।
8তিনি সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত আর নদী থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত শাসন করুন।
9মরুভূমির গোষ্ঠীসকল তাঁর সামনে নত হবে এবং তাঁর শত্রুরা মাটির ধুলো চাটবে।
10তর্শীশ আর সুদূর উপকূলবর্তী দেশের রাজারা তাঁর উদ্দেশে নৈবেদ্য নিয়ে আসুক। শিবা ও সবার রাজারা তাঁর জন্য উপহার নিয়ে আসুক।
11রাজারা সবাই তাঁর সামনে নত হোক আর সমস্ত জাতি তাঁর সেবা করুক।
12তিনি আর্তনাদকারী অভাবীদের আর অসহায় পীড়িতদের উদ্ধার করবেন।
13তিনি দরিদ্র ও অভাবীদের প্রতি দয়া করবেন এবং অভাবীদের মৃত্যু থেকে রক্ষা করবেন।
14তিনিই তাদের অত্যাচার ও হিংসা থেকে মুক্ত করবেন, কারণ তাঁর দৃষ্টিতে তাদের রক্ত মূল্যবান।
15রাজা দীর্ঘজীবী হোন! শিবা দেশের সোনা তাঁকে দেওয়া হোক। লোকেরা তাঁর জন্য চিরকাল প্রার্থনা করুক এবং তাঁকে সর্বদা আশীর্বাদ করুক।
16দেশে শস্যের প্রাচুর্য হোক; পাহাড়ের উপরে সেসব দুলে উঠুক। লেবাননের গাছের মতো ফলের গাছ উন্নতি লাভ করুক আর মাঠের ঘাসের মতো সমৃদ্ধ হোক।
17তাঁর নাম চিরস্থায়ী হোক; ততদিন হোক যতদিন সূর্য আলো দেবে। সমুদয় জাতি তাঁর মাধ্যমে আশীর্বাদ পাবে, এবং তারা তাঁকে ধন্য বলবে।
18সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা হোক, কেবলমাত্র তিনিই চমৎকার কার্যাবলি সাধন করেন।
19চিরকাল তাঁর মহানামের প্রশংসা হোক; আর সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পূর্ণ হোক। আমেন, আমেন।
20যিশয়ের ছেলে দাউদের প্রার্থনা শেষ হল।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.