
গীত 51
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৫১ গুরুতর অন্যায়ের প্রতি অজুহাতের পরিবর্তে সরাসরি স্বীকারোক্তির সঙ্গে সাড়া দেয়। গীতরচক শুদ্ধিকরণ, নবায়িত অভ্যন্তরীণ বিশ্বস্ততা, পুনরুদ্ধারকৃত আনন্দ ও কার্যকর সাক্ষ্য খোঁজেন, স্বীকার করে যে আন্তরিক অনুতাপ প্রদর্শনমূলক বলিদানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
স্বীকারোক্তিকরুণাশুদ্ধিকরণনবায়ন
1হে ঈশ্বর, তোমার অবিচল প্রেম অনুযায়ী আমার উপর দয়া করো; তোমার অপার করুণা অনুযায়ী আমার সমস্ত অপরাধ মার্জনা করো।
2আমার সমস্ত অন্যায় মুছে দাও আর আমার পাপ থেকে আমাকে শুচি করো।
3কারণ আমি আমার অপরাধসকল জানি, আর আমার পাপ সর্বদা আমার সামনে আছে।
4তোমার বিরুদ্ধে, তোমারই বিরুদ্ধে, আমি পাপ করেছি আর তোমার দৃষ্টিতে যা অন্যায় তাই করেছি; অতএব তুমি তোমার বাক্যে ধর্মময় আর যখন বিচার করো তখন ন্যায়পরায়ণ।
5নিশ্চয়ই অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন।
6তবুও মাতৃগর্ভে তুমি বিশ্বস্ততা কামনা করেছিলে; সেই গোপন স্থানে তুমি আমাকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছিলে।
7আমার পাপ থেকে আমাকে শুদ্ধ করো , আর আমি নির্মল হব; আমাকে পরিষ্কার করো, আর আমি বরফের থেকেও সাদা হব।
8আমাকে আনন্দ ও উল্লাসের বাক্য শোনাও; আমার হাড়গোড়, যা তুমি পিষে দিয়েছ, এখন আমোদ করুক।
9আমার পাপ থেকে তোমার মুখ লুকাও আর আমার সব অন্যায় মার্জনা করো।
10হে ঈশ্বর, আমার মধ্যে এক বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করো, আর এক অবিচল আত্মা আমার মধ্যে সঞ্জীবিত করো।
11আমাকে তোমার সান্নিধ্য থেকে দূর কোরো না আর তোমার পবিত্র আত্মাকে আমার কাছ থেকে নিয়ে নিয়ো না।
12তোমার পরিত্রাণের আনন্দ আবার আমাকে ফিরিয়ে দাও আর আমাকে বাঁচিয়ে রাখতে এক ইচ্ছুক আত্মা দাও।
13তখন আমি অপরাধীদের তোমার পথ শিক্ষা দেব, যেন পাপীরা তোমার দিকে ফিরে আসে।
14রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার করো, হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর আমার রক্ষাকর্তা, আর আমার জিভ তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।
15হে সদাপ্রভু, আমার ঠোঁট খুলে দাও, আর আমার মুখ তোমার প্রশংসা ঘোষণা করবে।
16তুমি নৈবেদ্যতে আমোদ করো না, করলে আমি নিয়ে আসতাম; তুমি হোমবলি চাওনি।
17ভগ্ন আত্মা আমার নৈবেদ্য, হে ঈশ্বর; ভগ্ন ও অনুতপ্ত হৃদয় হে ঈশ্বর, তুমি তুচ্ছ করবে না।
18তুমি আপন অনুগ্রহে সিয়োনের মঙ্গল করো, জেরুশালেমের প্রাচীর নির্মাণ করো।
19তখন তুমি ধার্মিকদের নৈবেদ্যে আর সম্পূর্ণ হোমবলিতে আমোদ করবে; তখন লোকে তোমার বেদিতে বলদ উৎসর্গ করবে।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.