
গীত 32
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ৩২ ক্ষমাপ্রাপ্ত অন্যায়ের স্বাধীনতা উদযাপন করে। গোপনীয়তা জীবন শুষে নেয়, কিন্তু সৎ স্বীকারোক্তি আনন্দ পুনরুদ্ধার করে; ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি তারপর জ্ঞানী নির্দেশ পান এবং আনন্দিত প্রশংসায় সরল সম্প্রদায়ে যোগ দেন।
ক্ষমাস্বীকারোক্তিনির্দেশআনন্দ
1ধন্য সেই ব্যক্তি যার অপরাধ ক্ষমা করা হয়েছে, যার পাপ আচ্ছাদিত হয়েছে।
2ধন্য সেই ব্যক্তি যার পাপ সদাপ্রভু তার বিরুদ্ধে গণ্য করেন না এবং যার অন্তর ছলনাবিহীন।
3যখন আমি চুপ করেছিলাম, আমার হাড়গোড় ক্ষয় হয়েছিল এবং সারাদিন আমি আর্তনাদ করেছিলাম।
4কারণ দিনে এবং রাতে তোমার শাসনের হাত আমার উপর দুর্বহ ছিল; যেমন গ্রীষ্মের উত্তাপে জল শুকিয়ে যায় তেমনই আমার শক্তি নিঃশেষ হয়েছিল।
5তখন আমি তোমার কাছে আমার পাপস্বীকার করলাম আর আমার কোনও অপরাধ আমি গোপন করলাম না। আমি বললাম, “সদাপ্রভুর কাছে আমার সব অপরাধ আমি স্বীকার করব।” আর তুমি আমার পাপের দোষ ক্ষমা করলে।
6তাই সময় থাকতে সব বিশ্বস্ত লোক তোমার কাছে প্রার্থনা করুক; তারা যেন বিচারের বন্যার জলে ডুবে না যায়।
7তুমি আমার আশ্রয়স্থল; তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।
8সদাপ্রভু বলেন, “আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেবো; তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেবো।
9তোমরা ঘোড়া বা খচ্চরের মতো হোয়ো না, যাদের বোধশক্তি নেই কিন্তু যাদের বল্গা ও লাগাম দিয়ে বশে রাখতে হয়, নইলে তারা তোমার কাছে আসে না।”
10দুষ্টের অনেক দুর্দশা হয়, কিন্তু সদাপ্রভুর অবিচল প্রেম সেই ব্যক্তিকে ঘিরে রাখে যে তাঁর উপর নির্ভর করে।
11হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো ও উল্লাস করো; তোমরা যারা অন্তরে ন্যায়পরায়ণ, আনন্দধ্বনি করো।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.