Families rebuild Jerusalem while healers work beneath stars, rain, snow, grazing animals, and melting streams

গীত 147

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১৪৭ জেরুজালেমের পুনরুদ্ধারকে ভাঙা হৃদয় নিরাময়, তারা গণনা, আবহাওয়া পরিচালনা, প্রাণীদের খাওয়ানো ও নম্র আশায় আনন্দিত হওয়ার সঙ্গে সংযুক্ত করে। প্রশংসা এমন শক্তির উত্তর দেয় যা একযোগে মহাজাগতিক, কোমল ও স্থানীয়ভাবে পুনরুদ্ধারকারী।
পুনরুদ্ধারআরোগ্যসৃষ্টিআশা
1সদাপ্রভুর প্রশংসা করো, আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা করা কত উত্তম, তাঁর প্রশংসা করা কত মনোরম ও যথাযোগ্য।
2সদাপ্রভু জেরুশালেমকে গড়ে তোলেন, তিনি নির্বাসিত ইস্রায়েলকে একত্র করেছেন।
3তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন, এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।
4আকাশের তারাদের সংখ্যা তিনি নির্ণয় করেন, এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।
5মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান, তার বোধশক্তির কোনও সীমা নেই।
6সদাপ্রভু নম্রচিত্তদের বাঁচিয়ে রাখেন কিন্তু দুষ্টদের ভূমিতে নিক্ষেপ করেন।
7স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো; বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও।
8তিনি মেঘরাশি দিয়ে আকাশকে আচ্ছন্ন করেন; তিনি পৃথিবীতে বৃষ্টি দেন, এবং তিনি পর্বতে ঘাস বৃদ্ধি করেন।
9তিনি পশুপালের জন্য খাবারের জোগান দেন এবং দাঁড়কাকের শাবকগুলিকে দেন, যখন তারা ডাকে।
10তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না, যোদ্ধার বলে তিনি সন্তুষ্ট হন না;
11সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট যারা তাঁকে সম্ভ্রম করে, যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে।
12হে জেরুশালেম, সদাপ্রভুর গুণকীর্তন করো; হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা করো।
13কারণ তিনি তোমার দরজার খিল দৃঢ় করেন, এবং তিনি তোমার মধ্যে তোমার লোকেদের আশীর্বাদ করেন।
14তিনি তোমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করেন, এবং সেরা গম দিয়ে তোমাকে পরিতৃপ্ত করেন।
15তিনি তাঁর আদেশ পৃথিবীতে প্রেরণ করেন; এবং তার বাক্য দ্রুতবেগে ছুটে যায়।
16তিনি সাদা পশমের মতো বরফ ছড়িয়ে দেন এবং ছাইয়ের মতো তুষার ছিটিয়ে দেন।
17তিনি নুড়ি-পাথরের মতো শিলা নিক্ষিপ্ত করেন। তাঁর হাড় কাঁপানো শীত কে সহ্য করতে পারে?
18তিনি তাঁর বাক্য পাঠিয়ে সেই সমস্ত গলিয়ে দেন; তিনি তাঁর বায়ু জাগিয়ে তোলেন আর জল প্রবাহিত হয়।
19তিনি যাকোবের কাছে তাঁর বাক্য, ইস্রায়েলের কাছে তাঁর বিধি ও অনুশাসন প্রকাশ করেছেন।
20তিনি অন্য কোনও জাতির জন্য এসব করেননি; কারণ তাঁর বিধিনিয়ম তারা জানে না। সদাপ্রভুর প্রশংসা করো।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.