
গীত 139
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
গীত ১৩৯ বাড়ি, রাস্তা, উচ্চতা, সমুদ্র, অন্ধকার ও প্রাথমিক গঠন জুড়ে সম্পূর্ণ জ্ঞান ও অনিবার্য উপস্থিতিতে বিস্মিত হয়। বিস্ময় নৈতিক আমন্ত্রণে পরিণত হয়: হৃদয় অনুসন্ধান করুন এবং এটিকে একটি স্থায়ী পথে নেতৃত্ব দিন।
উপস্থিতিজ্ঞানসৃষ্টিপথনির্দেশ
1হে সদাপ্রভু, তুমি আমার অনুসন্ধান করেছ, আর তুমি আমাকে জানো।
2তুমি জানো আমি কখন বসি আর কখন উঠি; দূর থেকেও তুমি আমার মনের ভাবনা বুঝতে পারো।
3তুমি জানো আমি কোথায় যাই আর আমি কোথায় শয়ন করি; আমার চলার সব পথ তোমার পরিচিত।
4আমার জিভে কোনও কথা উচ্চারিত হবার আগেই তুমি, হে সদাপ্রভু, তা সম্পূর্ণভাবে জানো।
5তুমি আমাকে সামনে ও পিছনে ঘিরে রেখেছ, এবং আমার উপর তোমার হাত রেখেছ।
6এই জ্ঞান আমার কাছে খুব আশ্চর্যজনক, এত উঁচু যে তা আমার বোধের অগম্য।
7আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব? আমি তোমার সামনে থেকে কোথায় পালাব?
8যদি আমি আকাশমণ্ডলে উঠে যাই, সেখানে তুমি আছ; যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ।
9যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই, যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি,
10এমনকি সেখানেও তোমার হাত আমাকে পথ দেখাবে, তোমার ডান হাত আমাকে ধরে রাখবে।
11যদি আমি বলি, “নিশ্চয় অন্ধকার আমাকে আচ্ছন্ন করবে আর আলো আমার চারিদিকে অন্ধকারে পরিণত হবে,”
12এমনকি, আঁধারও তোমার কাছে অন্ধকার নয়; রাত্রিও দিনের আলোর মতো উজ্জ্বল, কারণ অন্ধকার তোমার কাছে আলোর সমান।
13কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ; এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,
14আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার সব কাজকর্ম বিস্ময়কর তা আমি যথার্থভাবে জানি।
15আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না, যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম, যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।
16তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল; আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।
17হে ঈশ্বর, তোমার ভাবনাগুলি আমার কাছে কত মূল্যবান! সেগুলির সমষ্টি কী বিপুল!
18যদি আমি সেগুলি গুনতে যেতাম, তবে সেগুলি বালুকণার চেয়েও সংখ্যায় বেশি হত, যখন আমি জেগে উঠি, তখনও তুমি আমার সঙ্গে আছ।
19হে ঈশ্বর, যদি তুমি দুষ্টদের ধ্বংস করতে! আমার কাছ থেকে দূর হও, তোমরা যারা রক্তপিপাসু!
20তোমার সম্বন্ধে তারা মন্দ উদ্দেশ্য নিয়ে কথা বলে, তোমার বিপক্ষরা তোমার নামের অপব্যবহার করে।
21হে সদাপ্রভু, আমি কি তাদের ঘৃণা করি না যারা তোমাকে ঘৃণা করে? এবং তাদের কি অবজ্ঞা করি না যারা তোমার বিপক্ষে বিদ্রোহ করে?
22তাদের জন্য কেবল আমার ঘৃণাই রয়েছে; আমি তাদের আমার শত্রু বলেই গণ্য করি।
23হে ঈশ্বর, তুমি আমার অনুসন্ধান করো আর আমার হৃদয়ের কথা জানো; আমাকে পরীক্ষা করো আর জানো আমার উদ্বেগের ভাবনা।
24দেখো, আমার মধ্যে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, আর আমাকে অনন্ত জীবনের পথে চালাও।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.