
ফিলিপীয় 2
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
পৌল নম্রতা দ্বারা গঠিত ঐক্যের জন্য আবেদন করেন এবং খ্রীষ্টের আত্মখালিকরণকারী বাধ্যতাকে আদর্শ হিসেবে উপস্থাপন করেন। বিশ্বাসীদের বিশ্বস্তভাবে কাজ করা এবং জগতে জ্বলজ্বল করা উচিত, যখন তীমথিয় ও ইপাফ্রদীত প্রমাণিত সেবা, প্রকৃত উদ্বেগ ও ব্যয়বহুল ভক্তির উদাহরণ দেন।
নম্রতাখ্রীষ্টের আদর্শবিশ্বস্ত বাধ্যতাপরীক্ষিত সহকর্মী
1খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তোমরা যদি কোনো অনুপ্রেরণা, তাঁর প্রেমে যদি কোনো সান্ত্বনা, যদি আত্মায় কোনো সহভাগিতা, যদি কোনো কোমলতা ও সহমর্মিতা লাভ করে থাকো,
2তাহলে তোমরা এক চিত্ত, এক প্রেম, এক আত্মা এবং একই ভাববিশিষ্ট হয়ে আমার আনন্দকে পূর্ণ করো।
3স্বার্থযুক্ত উচ্চাকাঙ্ক্ষা বা ভ্রান্ত দম্ভের বশবর্তী হয়ে কিছু কোরো না, কিন্তু নম্রতা সহকারে অন্যকে নিজেদের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করো।
4নিজেদেরই বিষয়ে নয়, কিন্তু তোমরা অন্যদের বিষয়েও চিন্তা করো।
5খ্রীষ্ট যীশুর যে মনোভাব ছিল, তোমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত:
6তিনি স্বভাবগতভাবে ঈশ্বর হয়েও ঈশ্বরের সমকক্ষ হওয়ার অবস্থান আঁকড়ে ধরে রাখার কথা ভাবেননি,
7কিন্তু নিজেকে শূন্য করে দিয়ে, ক্রীতদাসের রূপ ধারণ করলেন, মানব-সদৃশ হয়ে জন্ম নিলেন ও
8মানব দেহ ধারণ করে নিজেকে অবনত করলেন; মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত, অনুগত থাকলেন।
9সেই কারণে, ঈশ্বর তাঁকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন এবং সব নাম থেকে শ্রেষ্ঠ সেই নাম তাঁকে দান করলেন,
10যেন যীশুর নামে স্বর্গ-মর্ত্য-পাতালনিবাসী সকলে নতজানু হয়
11এবং পিতা ঈশ্বরের মহিমার জন্য প্রত্যেক জিভ স্বীকার করে যে, যীশু খ্রীষ্টই প্রভু।
12সুতরাং, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় যেমন বাধ্য থেকেছ—কেবলমাত্র আমার উপস্থিতিতে নয়, কিন্তু এখন আমার অনুপস্থিতিতে আরও বেশি করে সভয়ে ও কম্পিত হৃদয়ে, কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ সম্পন্ন করো।
13কারণ ঈশ্বর তাঁর শুভ-সংকল্পের জন্য তোমাদের অন্তরে ইচ্ছা উৎপন্ন ও কাজ করার জন্য সক্রিয় আছেন।
14তোমরা অভিযোগ ও তর্কবিতর্ক না করে সব কাজ করো,
15যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে “ঈশ্বরের নিষ্কলঙ্ক ও শুচিশুদ্ধ সন্তান হতে পারো।” তোমরা তখন তাদের মধ্যে আকাশের তারার মতো এই জগতে উজ্জ্বল হয়ে উঠবে,
16কারণ তোমরা সেই জীবনের বাক্য ধারণ করে আছ। এর ফলে যেন খ্রীষ্টের দিনে আমি গর্ব করতে পারি যে, আমি বৃথা দৌড়াইনি বা পরিশ্রম করিনি।
17যেমন তোমাদের বিশ্বস্ত সেবা ঈশ্বরের কাছে এক নৈবেদ্য, তেমন যদি আমাকে পেয়-নৈবেদ্যের মতো ঢেলে দেওয়া হয় ও তার ফলে আমি জীবন হারাই, তবুও আমি আনন্দ করব। আর আমি চাই যে তোমরাও আমার সেই আনন্দের ভাগীদার হও।
18সুতরাং তোমরাও আনন্দিত হও এবং আমার সঙ্গে আনন্দ করো।
19আমি প্রভু যীশুতে আশা করি, তিমথিকে অচিরেই তোমাদের কাছে পাঠাতে পারব, তাহলে তোমাদের সংবাদ পেয়ে আমিও আশ্বস্ত হব।
20সে ছাড়া আমার কাছে এমন আর একজনও নেই, যে তোমাদের মঙ্গলের জন্য আন্তরিক আগ্রহ দেখাবে।
21প্রত্যেকেই যীশু খ্রীষ্টের নয়, কিন্তু নিজের স্বার্থই দেখে।
22কিন্তু তোমরা জানো, তিমথি নিজেকে যোগ্য বলে প্রমাণ করেছে, কারণ সুসমাচারের কাজে সে বাবার সঙ্গে ছেলের মতো আমার সেবা করেছে।
23তাই আশা করছি, আমার পরিস্থিতি কী হয়, সেকথা জানার সঙ্গে সঙ্গেই তাকে পাঠিয়ে দিতে পারব।
24আমি প্রভুতে নিশ্চিত যে, আমি নিজেও খুব শীঘ্রই উপস্থিত হব।
25কিন্তু আমার মনে হয়, আমার ভাই, সহকর্মী ও সংগ্রামী-সঙ্গী ইপাফ্রদীত, যিনি তোমাদেরও সংবাদবাহক এবং আমার প্রয়োজনের দায়িত্ব গ্রহণের জন্য যাঁকে তোমরা পাঠিয়েছিলে, তাঁকে তোমাদের কাছে ফেরত পাঠানো প্রয়োজন।
26কারণ তিনি তোমাদের সকলের জন্যই অত্যন্ত ব্যাকুল এবং তোমরা তাঁর অসুস্থতার সংবাদ শুনেছিলে বলে তিনি উৎকণ্ঠিত।
27সত্যিই তিনি অসুস্থ হয়ে মরণাপন্ন হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁর উপর করুণা করেছেন; শুধু তাঁর উপর নয়, আমার উপরেও করুণা করেছেন, যেন দুঃখের উপর আমার আর দুঃখ না হয়।
28সেইজন্য, আমি আরও আগ্রহ সহকারে তাঁকে পাঠাচ্ছি, যেন আবার তাঁর দেখা পেয়ে তোমরা আনন্দ করতে পারো এবং আমারও দুঃখ হালকা হয়।
29প্রভুতে অত্যন্ত আনন্দের সঙ্গে তাঁকে স্বাগত জানিয়ো এবং তাঁর মতো লোকদের সমাদর কোরো।
30কারণ খ্রীষ্টের কাজের জন্য তিনি মরণাপন্ন হয়েছিলেন, যে সাহায্য দূর থেকে তোমরা আমাকে দিতে অপারগ ছিলে, তার জন্য তিনি তাঁর জীবন বিপন্ন করেছিলেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.