
লেবীয় পুস্তক 12
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
লেবীয় পুস্তক ১২ সন্তান জন্মের পর শুদ্ধিকরণের সময়কাল নির্ধারণ করে এবং মাকে পরে হোমবলি ও পাপার্থক বলি আনতে নির্দেশ দেয়। অধ্যায়টি একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে দুটি পাখিও দেয় যখন একটি মেষশাবক পরিবারের সামর্থ্যের বাইরে থাকে।
সন্তান জন্মশুদ্ধিকরণপুনরুদ্ধারসাশ্রয়ী নৈবেদ্য
1সদাপ্রভু মোশিকে বললেন,
2“তুমি ইস্রায়েলীদের বলো: ‘সন্তান গর্ভধারণ করার পর কোনো মহিলা যখন একটি ছেলের জন্ম দেয় তবে সে আনুষ্ঠানিকভাবে সাত দিনের জন্য অশুচি থাকবে, যেমন তার মাসিক ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে।
3অষ্টম দিনে বালকটিকে সুন্নত করতে হবে।
4পরে মহিলাটি তার রক্তস্রাব থেকে শুদ্ধ হওয়ার জন্য তেত্রিশ দিন অপেক্ষা করবে। তার শুচিশুদ্ধ হওয়ার দিনগুলি অতিবাহিত না হওয়া পর্যন্ত সে কোনোভাবে পবিত্র বস্তু স্পর্শ করবে না অথবা পবিত্রস্থানে যাবে না।
5যদি সে একটি মেয়ের জন্ম দেয়, তাহলে দুই সপ্তাহের জন্য তার অশুদ্ধতা থাকবে, যেমন ঋতুস্রাব থাকাকালীন সে অশুচি থাকে। তারপর তার রক্তস্রাব থেকে শুচিশুদ্ধ হওয়ার জন্য তাকে ছেষট্টি দিন অবশ্যই প্রতীক্ষা করতে হবে।
6“ ‘যখন একটি ছেলে অথবা মেয়ের জন্য তার শুচিশুদ্ধ হওয়ার দিনগুলি অতিবাহিত হয়, হোমবলির জন্য এক বর্ষীয় মেষশাবক ও পাপার্থক বলির জন্য একটি কপোতশাবক অথবা একটি ঘুঘু সে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে যাজকের কাছে আনবে।
7তার জন্য প্রায়শ্চিত্ত সাধনার্থে সদাপ্রভুর যাজক সেগুলি উৎসর্গ করবে এবং পরে ওই মহিলা তার রক্তস্রাব থেকে আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ হবে। “ ‘এই নিয়মাবলি ওই মহিলার জন্য, যে একটি ছেলে অথবা একটি মেয়ের জন্ম দেবে।
8যদি সে একটি মেষশাবক জোগান দিতে না পারে, তাহলে দুটি ঘুঘু কিংবা দুটি কপোতশাবক আনবে; প্রথমটি হোমবলিদানার্থে ও দ্বিতীয়টি পাপার্থক বলিদানার্থে তার নিবেদন। এইভাবে তার জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে এবং সে শুচিশুদ্ধ হবে।’ ”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.