
বিলাপ 5
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
সম্প্রদায় ঈশ্বরকে তাদের অসম্মান স্মরণ করতে বলে: উত্তরাধিকার ও বাড়ি হারিয়ে গেছে, পরিবার অরক্ষিত, শ্রম নিপীড়নমূলক, এবং সঙ্গীত থেমে গেছে। স্থায়ী স্বর্গীয় রাজত্বের নিচে পাপ স্বীকার করে, জনগণ পুনরুদ্ধার হতে ও তাদের দিন নবায়ন করার জন্য মিনতি করে।
সাম্প্রদায়িক প্রার্থনাক্ষতিস্বীকারোক্তিপুনরুদ্ধারনবায়ন
1হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা স্মরণ করো, এদিকে তাকাও, দেখো আমাদের অসম্মান।
2আমাদের অধিকার বিজাতীয় লোকদের হাতে, আমাদের ঘরবাড়ি বিদেশিদের দখলে চলে গেছে।
3আমরা অনাথ ও পিতৃহীন হয়েছি, আমাদের মায়েরা বিধবা হয়েছে।
4পান করার জলটুকুও আমাদের কিনে খেতে হয়; অর্থ দিলে তবেই আমরা জ্বালানির কাঠ পাই।
5যারা আমাদের তাড়া করে, তারা আমাদের ঠিক পিছনেই; আমরা শ্রান্ত-ক্লান্ত এবং এতটুকু বিশ্রাম পাই না।
6পর্যাপ্ত খাদ্যদ্রব্য পাওয়ার জন্য আমরা মিশর ও আসিরিয়ার কাছে আত্মসমর্পণ করেছি।
7আমাদের পিতৃপুরুষেরা পাপ করেছিলেন, কিন্তু তারা আর নেই, তাই আমরা তাদের শাস্তি বহন করছি।
8ক্রীতদাসেরা আমাদের উপরে কর্তৃত্ব করে, এবং তাদের হাত থেকে আমাদের উদ্ধার করার জন্য কেউ নেই।
9মরুপ্রান্তরে তরোয়ালের আক্রমণের মধ্যে জীবন বিপন্ন করে আমাদের খাদ্য সংগ্রহ করতে হয়।
10আমাদের চামড়া উনুনের মতো তপ্ত, খিদেয় আমাদের জ্বর জ্বর বোধ হয়।
11সিয়োনে নারীদের অপবিত্র করা হয়েছে, এবং যিহূদার নগরগুলিতে কুমারী-কন্যারা ধর্ষিতা হয়েছে।
12রাজপুরুষদের হাত বেঁধে ফাঁসি দেওয়া হয়েছে, প্রাচীন ব্যক্তিদের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি।
13যুবকেরা জাঁতা ঘুরিয়ে কঠোর পরিশ্রম করে; বালকেরা কাঠের ভারী বোঝায় টলমল করে।
14প্রাচীনেরা নগরদ্বার থেকে চলে গেছেন; যুবকেরা তাদের বাজনার শব্দ থামিয়ে দিয়েছে।
15আমাদের হৃদয় থেকে আনন্দ চলে গেছে, আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।
16আমাদের মস্তক থেকে মুকুট খসে পড়েছে। ধিক্ আমাদের, কেননা আমরা পাপ করেছি!
17এইসব কারণে আমাদের হৃদয় মূর্ছিত হয়েছে, এইসব কারণে আমাদের চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে।
18কারণ সিয়োন পর্বত পরিত্যক্ত পড়ে আছে, শিয়ালেরা তার উপরে বিচরণ করে।
19হে সদাপ্রভু, তোমার রাজত্ব অনন্তকালীন; তোমার সিংহাসন পুরুষানুক্রমে চিরস্থায়ী।
20তুমি কেন সবসময় আমাদের ভুলে যাও? কেন তুমি এত দীর্ঘকাল যাবৎ আমাদের পরিত্যাগ করে আছ?
21হে সদাপ্রভু, তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও, যেন আমরা ফিরে আসতে পারি; পুরোনো দিনের মতোই আমাদের অবস্থা নবায়িত করো।
22কিন্তু তুমি যে আমাদের একেবারেই অগ্রাহ্য করেছ, এবং আমাদের উপরে তোমার মাত্রাহীন ক্রোধ রয়েছে।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.