Johanan welcoming rescued families beside a broad reservoir as Ishmael's small band retreats into distant hills

যিরমিয় 41

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
ইশ্মায়েল মিস্পায় গদলিয় ও অন্যদের হত্যা করেন, তারপর অবশিষ্ট মানুষদের বন্দী করেন। যোহাননের বাহিনী তাকে বাধা দিয়ে বন্দীদের মুক্ত করে, যদিও ইশ্মায়েল পালিয়ে যান। ব্যাবিলনীয় প্রতিশোধের ভয়ে, আঘাতপ্রাপ্ত অবশিষ্টাংশ বৈৎলেহমের কাছে জড়ো হয় এবং মিশরে পালানোর কথা বিবেচনা করে।
বিশ্বাসঘাতকতাউদ্ধারভয়অবশিষ্টাংশ
1ইলীশামার পৌত্র নথনিয়ের পুত্র ইশ্মায়েল ছিল রাজবংশীয় এবং রাজার প্রধান কর্মচারীদের মধ্যে অন্যতম। আর এরকম হল, সপ্তম মাসে সে ও তার সঙ্গে আরও দশজন লোক মিস্‌পায় অহীকামের পুত্র গদলিয়ের কাছে এল। তারা যখন সেখানে একসঙ্গে আহার করছিল,
2তখন নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তার সঙ্গী দশজন লোক উঠে শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়কে তরোয়াল দিয়ে আঘাত করল। এভাবে তারা ব্যাবিলনের রাজা দ্বারা নিযুক্ত দেশের প্রশাসককে হত্যা করল।
3ইশ্মায়েল মিস্‌পায় গদলিয়ের সঙ্গে থাকা সমস্ত ইহুদিকেও হত্যা করল, সেই সঙ্গে সেখানে থাকা সমস্ত ব্যাবিলনীয় সৈন্যকেও মেরে ফেলল।
4গদলিয়ের হত্যার পরের দিন, কেউ কিছু জানার আগেই,
5শিখিম, শীলো ও শমরিয়া থেকে আশি জন লোক মন্দিরে সদাপ্রভুর উপাসনা করার জন্য উপস্থিত হল। তারা তাদের দাড়ি কামিয়ে ফেলেছিল, পরনের পোশাক ছিঁড়েছিল ও নিজেদের ক্ষতবিক্ষত করেছিল। তারা সঙ্গে নিয়ে এসেছিল শস্য-নৈবেদ্য ও ধূপ।
6নথনিয়ের পুত্র ইশ্মায়েল কাঁদতে কাঁদতে মিস্‌পা থেকে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। যখন সে তাদের সাক্ষাৎ পেল, সে বলল, “চলো, আমরা অহীকামের পুত্র গদলিয়ের কাছে যাই।”
7যখন তারা নগরে প্রবেশ করল, নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তার সঙ্গী লোকেরা তাদের হত্যা করল এবং একটি কুয়োয় তাদের নিক্ষেপ করল।
8কিন্তু তাদের মধ্যে দশজন ইশ্মায়েলকে বলল, “আমাদের হত্যা করবেন না! আমরা মাঠের মধ্য গম ও যব, তেল ও মধু লুকিয়ে রেখেছি।” তাই সে তাদের ছেড়ে দিল, অন্যদের সঙ্গে তাদের হত্যা করল না।
9এখন ইশ্মায়েল যে সমস্ত লোককে হত্যা করেছিল, তাদের শবগুলিকে গদলিয়ের শবের সঙ্গে সে সেই কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিল, যেটি রাজা আসা, ইস্রায়েলের রাজা বাশার হাত থেকে রক্ষা পাওয়ার একটি উপায় হিসেবে তৈরি করিয়েছিলেন। এখন নথনিয়ের পুত্র ইশ্মায়েল তা শবে পরিপূর্ণ করল।
10মিস্‌পায় যারা অবশিষ্ট ছিল, ইশ্মায়েল তাদের সবাইকে বন্দি করল। তাদের মধ্যে ছিল রাজকন্যারা এবং অবশিষ্ট অন্য সব লোক। তাদেরই উপরে রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, অহীকামের পুত্র গদলিয়কে প্রশাসকরূপে নিযুক্ত করেছিলেন। নথনিয়ের পুত্র তাদেরই বন্দি করে অম্মোনীয়দের কাছে পার হয়ে যাওয়ার জন্য যাত্রা করলেন।
11যখন কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সমস্ত সৈন্যাধ্যক্ষেরা নথনিয়ের পুত্র ইশ্মায়েলের কৃত অপরাধের কথা শুনতে পেল,
12তারা নিজেদের সমস্ত লোককে সঙ্গে নিয়ে নথনিয়ের পুত্র ইশ্মায়েলের সঙ্গে যুদ্ধ করতে গেল। তারা গিবিয়োনের বড়ো পুকুরের কাছে তার নাগাল পেল।
13ইশ্মায়েলের কাছে থাকা সব লোক যখন কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সৈন্যাধ্যক্ষদের দেখতে পেল, তারা ভীষণ খুশি হল।
14মিস্‌পায় যত লোককে ইশ্মায়েল বন্দি করেছিল, তারা ফিরে কারেহের পুত্র যোহাননের সঙ্গে যোগ দিল।
15কিন্তু নথনিয়ের পুত্র ইশ্মায়েল তার আটজন সঙ্গীকে সাথে নিয়ে যোহাননের কাছ থেকে অম্মোনীয়দের দেশে পালিয়ে গেল।
16নথনিয়ের পুত্র যে ইশ্মায়েল, অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, তার কাছ থেকে কারেহের পুত্র যোহানন ও তার সঙ্গী সেনাপতিরা যেসব অবশিষ্ট লোককে মিস্‌পা থেকে ফিরিয়ে এনেছিল, তাদের সঙ্গে নিল: বীর সৈন্যদের এবং গিবিয়োন থেকে আনীত সমস্ত স্ত্রীলোক, ছেলেমেয়েদের ও রাজদরবারের কর্মকর্তাদের সঙ্গে নিল।
17তারা মিশরে যাওয়ার পথে বেথলেহেমের কাছে গেরুৎ-কিম্‌হমে গিয়ে থামল,
18যেন ব্যাবিলনীয়দের হাত এড়াতে পারে। তারা তাদের থেকে ভীত হয়েছিল, কারণ নথনিয়ের পুত্র ইশ্মায়েল অহীকামের পুত্র গদলিয়কে হত্যা করেছিল, যাঁকে ব্যাবিলনের রাজা দেশের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছিলেন।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.