A child standing peacefully among a wolf, lamb, leopard, calf, lion, and bear near a fresh tree shoot

যিশাইয় 11

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
যিশয়ের গোড়া থেকে একটি অঙ্কুর উঠবে, ঈশ্বরের আত্মায় পূর্ণ এবং দরিদ্রদের জন্য ধার্মিকতার সঙ্গে বিচার করবে। তার শান্তিপূর্ণ রাজত্বের অধীনে, শিকারী ও শিকার একসঙ্গে বাস করে, এবং ছড়িয়ে পড়া অবশিষ্টাংশ অনেক দেশ থেকে জড়ো হয়।
মশীহধার্মিকতাশান্তিপুনরুদ্ধার
1যিশয় কুলের মূলকাণ্ড থেকে একটি শাখা নির্গত হবে; তার মূল থেকে উৎপন্ন এক শাখায় ফল ধরবে।
2সদাপ্রভুর আত্মা তাঁর উপরে অবস্থিতি করবেন, তা হল প্রজ্ঞা ও বুদ্ধির আত্মা, পরামর্শদানের ও পরাক্রমের আত্মা, জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা
3আর তিনি সদাপ্রভুর ভয়ে আনন্দিত হবেন। তিনি চোখের দৃষ্টি অনুযায়ী বিচার করবেন না, কিংবা কানে যা শোনেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন না;
4কিন্তু ধার্মিকতায় তিনি নিঃস্ব ব্যক্তির বিচার করবেন, ন্যায়ের সঙ্গে তিনি পৃথিবীর দরিদ্রদের বিচার নিষ্পত্তি করবেন। তিনি তাঁর মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবেন; তাঁর ওষ্ঠাধরের শ্বাসে তিনি দুষ্টদের সংহার করবেন।
5ধার্মিকতা হবে তাঁর কোমরবন্ধনী এবং বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়ানো পটুকা।
6নেকড়েবাঘ মেষশাবকের সঙ্গে একত্র থাকবে, চিতাবাঘ ছাগশাবকের সঙ্গে শুয়ে থাকবে, বাছুর, সিংহ ও নধর পশু একত্র থাকবে; একটি ছোটো শিশু তাদের চালিয়ে বেড়াবে।
7গরু ভালুকের কাছে একসঙ্গে চরে বেড়াবে, তাদের বাছুরেরা একসঙ্গে শুয়ে থাকবে, আর সিংহ বলদের মতোই বিচালি খাবে।
8স্তন্যপায়ী শিশু কেউটে সাপের গর্তের কাছে খেলা করবে, ছোটো শিশু বিষধর সাপের গর্তে হাত দেবে।
9সেই সাপেরা আমার পবিত্র পর্বতের কোথাও কোনো ক্ষতি বা বিনাশ করবে না, কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, পৃথিবী তেমনই সদাপ্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে।
10সেদিন যিশয়ের মূল, জাতিসমূহের পতাকারূপে দাঁড়াবেন; সব জাতি তাঁর প্রতি ধাবিত হবে এবং তাঁর বিশ্রামের স্থান প্রতাপান্বিত হবে।
11সেদিন প্রভু দ্বিতীয়বার সেই অবশিষ্টাংশকে পুনরুদ্ধার করবেন, অর্থাৎ আসিরিয়া, মিশরের নিম্নাঞ্চল ও উচ্চতর অঞ্চল, ও কূশ থেকে, এলম, ব্যাবিলনিয়া, হমাৎ ও সমুদ্রের দ্বীপগুলি থেকে অবশিষ্ট লোকদের উদ্ধার করবেন।
12তিনি জাতিসমূহের উদ্দেশে একটি পতাকা তুলে ধরবেন এবং ইস্রায়েলের নির্বাসিতদের একত্র করবেন; তিনি পৃথিবীর চার কোণে ছড়িয়ে পড়া যিহূদার লোকদের সমবেত করবেন।
13ইফ্রয়িমের ঈর্ষা বিলীন হবে, আর যিহূদার শত্রুরা উৎখাত হবে; ইফ্রয়িম যিহূদার প্রতি ঈর্ষা করবে না, যিহূদাও ইফ্রয়িমের প্রতি হিংস্র হবে না।
14তারা পশ্চিম প্রান্তে ফিলিস্তিয়ার ঢালে ছোঁ মারবে; একত্র তারা পূর্বদিকের লোকেদের দ্রব্য লুণ্ঠন করবে। তারা ইদোম ও মোয়াবের উপরে হস্তক্ষেপ করবে, আর অম্মোনীয়েরা তাদের বশ্যতাধীন হবে।
15সদাপ্রভু মিশরীয় সমুদ্রের খাড়িকে শুকিয়ে ফেলবেন; উষ্ণ বাতাস প্রবাহিত করে তিনি ইউফ্রেটিস নদীর উপরে হাত চালাবেন। তিনি সাতটি শাখায় তা বিভক্ত করবেন, যেন লোকেরা চটি পায়েই তা পার হতে পারে।
16আসিরিয়া থেকে যারা অবশিষ্ট থাকবে, তাঁর প্রজাদের বাকি লোকদের জন্য একটি রাজপথ তৈরি হবে, যেমন মিশর থেকে বের হয়ে আসার সময়ে ইস্রায়েলীদের জন্য তৈরি হয়েছিল।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.