Leaders stand beside equal measures, grain, oil, and sheep overlooking an ordered district surrounding the sanctuary

যিহিষ্কেল 45

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
ধর্মধাম, যাজক, লেবীয়, শহর ও রাজকুমারের জন্য একটি পবিত্র জেলা বরাদ্দ করা হয়। নেতাদের নিপীড়ন প্রত্যাখ্যান করতে হবে এবং সৎ ওজন ব্যবহার করতে হবে। জনগণ ও রাজকুমার নৈবেদ্য ও উৎসবের জন্য দায়িত্ব ভাগ করে যা পুনরুদ্ধারকৃত সম্প্রদায়ের আরাধনা শুদ্ধ ও টিকিয়ে রাখে।
ন্যায়বিচারপবিত্র জেলানৈবেদ্যনেতৃত্ব
1“ ‘তোমরা যখন সম্পত্তি হিসেবে দেশের জমি ভাগ করে দেবে তখন 25,000 মাপকাঠি লম্বা ও 20,000 মাপকাঠি চওড়া একখণ্ড জমি সদাপ্রভুকে উপহার দেবে, সেই পুরো এলাকাটাই হবে পবিত্র।
2এর মধ্যে, 500 মাপকাঠি লম্বা ও 500 মাপকাঠি চওড়া একটি অংশ উপাসনার স্থানের জন্য থাকবে, তার চারপাশে 50 মাপকাঠি খোলা জায়গা থাকবে।
3সেই পুরো পবিত্র এলাকার মধ্য থেকে 25,000 মাপকাঠি লম্বা ও 10,000 মাপকাঠি চওড়া একটি অংশ মেপে রাখবে। এর মধ্যেই হবে উপাসনার স্থান, অর্থাৎ মহাপবিত্র স্থান।
4এটি হবে দেশের পবিত্র অংশ যেটা যাজকদের জন্য, যারা উপাসনার স্থানের পরিচর্যা করে এবং সদাপ্রভুর সেবা করার জন্য তাঁর সামনে এগিয়ে যায়। এই জায়গাতেই হবে তাদের বাসস্থান এবং উপাসনার স্থানের পবিত্রস্থান।
5আবার 25,000 মাপকাঠি লম্বা ও 10,000 মাপকাঠি চওড়া জায়গা সেই লেবীয়দের অধিকারে থাকবে, যারা মন্দিরে পরিচর্যা করে, তাদের অধিকারে এই নগর থাকবে যেখানে তারা বাস করবে।
6“ ‘পবিত্র এলাকার পাশে 5,000 মাপকাঠি চওড়া ও 25,000 মাপকাঠি লম্বা একটি অংশ নগরের জন্য উপহার রূপে রাখতে হবে; এটি সমস্ত ইস্রায়েল কুলের জন্য হবে।
7“ ‘পবিত্র এলাকা ও নগরের সীমানার উভয় পাশের জমি শাসনকর্তার হবে। শাসনকর্তার এই দুই জায়গা দেশের পশ্চিম প্রান্তের পশ্চিমে ও পূর্ব প্রান্তের পূর্বে এবং লম্বায় পশ্চিম সীমা থেকে পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত অংশ হবে।
8এই জায়গা ইস্রায়েল দেশের শাসনকর্তার অধিকারে থাকবে। এবং আমার শাসনকর্তারা আমার লোকদের উপর আর অত্যাচার করবে না কিন্তু ইস্রায়েল কুলকে তার নিজের নিজের বংশানুসারে দেশ দেবে।
9“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েলের শাসনকর্তারা! তোমাদের যথেষ্ট হয়েছে। এখন দৌরাত্ম্য ও নিপীড়ন করা ছেড়ে দিয়ে তোমরা যথাযথ ও ন্যায্য কাজ করো। আমার লোকদের অধিকারচ্যুত করা বন্ধ করো, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
10তোমরা ন্যায্য দাঁড়িপাল্লা, ন্যায্য ঐফা ও ন্যায্য বাৎ ব্যবহার করো।
11ঐফা ও বাৎ-এর মাপ সমান হবে, এক বাৎ হোমরের দশ ভাগের এক ভাগ এবং এক ঐফা হোমরের দশ ভাগের এক ভাগ; এই দুটোই মাপা হবে হোমরের অনুসারে।
12এক শেকলে থাকবে কুড়ি গেরা। কুড়ি শেকল, পঁচিশ শেকল ও পনেরো শেকলে এক মানি হবে।
13“ ‘তোমরা এই বিশেষ উপহার উৎসর্গ করবে: গমের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ এবং যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ।
14তেলের পরিমাণ মাপবার জন্য বাৎ-এর মাপ ব্যবহার করতে হবে যা এক কোর থেকে বাৎ -এর দশমাংশ। (দশ বাৎ-এর সমান এক হোমর আর এক হোমরের সমান এক কোর)
15ইস্রায়েল দেশের মধ্যে ভালো জমিতে চরে এমন প্রতি দুশো মেষের মধ্যে একটি মেষ দেবে। লোকদের পাপের প্রায়শ্চিত্তের জন্য এগুলি শস্য-নৈবেদ্যের, হোমবলির ও মঙ্গলার্থক বলির জন্য ব্যবহার করা হবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
16দেশের সব লোক ইস্রায়েলের শাসনকর্তাকে এই বিশেষ উপহার দেবে।
17শাসনকর্তার কর্তব্য হবে অমাবস্যায় ও বিশ্রামবারে, সমস্ত উৎসবে হোমবলি, শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করা। তিনি ইস্রায়েল কুলের পাপের প্রায়শ্চিত্তের জন্য পাপার্থক বলি , শস্য-নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবেন।
18“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, প্রথম মাসের প্রথম দিনে তুমি একটি নিখুঁত যুবা ষাঁড় নিয়ে উপাসনার স্থানকে শুচি করবে।
19আর যাজক সেই পাপার্থক বলির রক্তের কিছুটা নিয়ে মন্দিরের চৌকাঠে, বেদির উপরের অংশের চার কোণে এবং ভিতরের উঠানের দ্বারের বাজুতে দেবে।
20যারা ভুল করে বা অজ্ঞানতাবশত মন্দিরের বিরুদ্ধে কোনো পাপ করে ফেলে তোমরা তাদের জন্য মাসের সপ্তম দিনে ওই একই কাজ করবে; অতএব তোমরা মন্দিরের জন্য প্রায়শ্চিত্ত করবে।
21“ ‘প্রথম মাসের চোদ্দ দিনের দিন তোমরা নিস্তারপর্ব পালন করবে, এই পর্বটা সাত দিনের, সেই সময় তোমাদের তাড়ীশূন্য রুটি খেতে হবে।
22সেদিন শাসনকর্তা তার নিজের ও ইস্রায়েল দেশের সব লোকদের জন্য পাপার্থক বলি হিসেবে একটি ষাঁড় উৎসর্গ করবে।
23সেই পর্বের সাত দিনের প্রত্যেকদিন নিখুঁত সাতটা ষাঁড় ও সাতটা মেষ দিয়ে সদাপ্রভুর উদ্দেশে তাকে হোমার্থক বলি, এবং প্রতিদিন একটি পুরুষ ছাগল পাপার্থক বলি জন্য উৎসর্গ করবে।
24তাকে শস্য-নৈবেদ্যের জন্য প্রতি ষাঁড়ের জন্য এক ঐফা ও প্রতি মেষের জন্য এক ঐফা, ও প্রতি ঐফার জন্য এক হিন জলপাই তেল উৎসর্গ করতে হবে।
25“ ‘সাত মাসের পনেরো দিনের দিন যে সাত দিনের পর্ব আরম্ভ হয় সেই সময় শাসনকর্তা পাপার্থক বলি, হোমার্থক বলি, শস্য-নৈবেদ্য এবং তেল উৎসর্গ করবে।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.