
যিহিষ্কেল 35
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
সেয়ীর পর্বতকে শত্রুতা, রক্তপাত ও ইস্রায়েল ও যিহূদার বিপর্যয়ের পর তাদের দখল করার প্রচেষ্টার জন্য নিন্দা করা হয়। ইদোমের গর্বিত কথা শোনা হয়েছে, এবং পর্বত জনশূন্য হয়ে যাবে যখন এর চারপাশের পুনরুদ্ধারকৃত ভূমি আনন্দিত হয়।
ইদোমসেয়ীর পর্বতশত্রুতাবিচার
1সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
2“হে মানবসন্তান, তুমি তোমার মুখ সেয়ীয় পাহাড়ের বিরুদ্ধে রাখো; তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বলো,
3এবং বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সেয়ীর পাহাড়, আমি তোমার বিরুদ্ধে, আমার হাত বাড়িয়ে তোমাকে একটি জনশূন্য পতিত জমি করে রাখব।
4আমি তোমার নগরগুলি ধ্বংসস্থান করব এবং তুমি হবে জনশূন্য। তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।
5“ ‘কারণ তোমার প্রাচীন শত্রুভাব আছে এবং ইস্রায়েলীদের বিপদের সময় যখন তাদের শাস্তি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে তখন তুমি তরোয়ালের হাতে তাদের তুলে দিয়েছ,
6এজন্য, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, আমি তোমাকে রক্তপাতের হাতে তুলে দেব এবং তা তোমার পিছনে তাড়া করবে। যেহেতু তুমি রক্তপাত ঘৃণা করোনি, রক্তপাতই তোমার পিছনে তাড়া করবে।
7আমি সেয়ীর পাহাড়কে জনশূন্য করব এবং যারা সেখানে যাওয়া-আসা করে তাদের উচ্ছিন্ন করব।
8আমি তোমার পাহাড়গুলিকে নিহত লোকদের দিয়ে ভরে দেব; যারা যুদ্ধে মারা গেছে তারা তোমার পাহাড়গুলিতে, উপত্যকাগুলিতে এবং তোমার সব জলের স্রোতে পড়ে থাকবে।
9চিরকালের জন্য আমি তোমাকে জনশূন্য করে রাখব; তোমার নগরগুলিতে কেউ বাস করবে না। তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।
10“ ‘কারণ তুমি বলেছ, “এই দুই জাতি এবং দেশ আমাদের হবে আর আমরা সেগুলির অধিকারী হব,” যদিও আমি সদাপ্রভু সেখানে ছিলাম,
11এজন্য, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তাদের প্রতি ঘৃণায় তুমি যেমন রাগ ও হিংসা দেখিয়েছ সেই অনুসারেই আমি তোমার সঙ্গে ব্যবহার করব এবং আমি যখন তোমার বিচার করব তখন তাদের মধ্যে আমি নিজেকে প্রকাশ করব।
12তখন তুমি জানবে যে, তুমি ইস্রায়েলের সব পাহাড়ের বিরুদ্ধে যেসব অপমানের কথা বলেছ তা আমি সদাপ্রভু শুনেছি। তুমি বলেছ, “সেগুলি ধ্বংস হয়ে পড়ে আছে এবং তা গ্রাস করার জন্য আমাদের দেওয়া হয়েছে।”
13তুমি আমার বিরুদ্ধে গর্ব করে অনেক কথা বলেছ, আর আমি সেইসব শুনেছি।
14সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন সমস্ত পৃথিবী যখন আনন্দ করবে তখন আমি তোমাকে জনশূন্য করব।
15ইস্রায়েল কুলের অধিকার হিসেবে যে দেশ পেয়েছে তা জনশূন্য দেখে তুমি যেমন আনন্দ করেছ তেমনি করে আমি তোমার সঙ্গে ব্যবহার করব। হে সেয়ীর পাহাড়, তুমি এবং ইদোমের বাকি সমস্ত জায়গা জনশূন্য হবে। তখন লোকে জানবে যে আমিই সদাপ্রভু।’ ”
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.