Workers spread white plaster over a deeply cracked city wall as Ezekiel points toward an approaching rainstorm

যিহিষ্কেল 13

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
যিহিষ্কেল সেই ভাববাদীদের নিন্দা করেন যারা তাদের নিজস্ব কল্পনা অনুসরণ করে, শান্তির প্রতিশ্রুতি দেয় এবং একটি অনিরাপদ প্রাচীর সাদা করে। একটি হিংস্র ঝড় তাদের কাজ প্রকাশ করবে। তিনি প্রতারণামূলক অনুশীলনেরও মুখোমুখি হন যা মানুষকে ফাঁদে ফেলে, মিথ্যা বার্তা দ্বারা কারসাজি করাদের উদ্ধারের প্রতিশ্রুতি দেন।
মিথ্যা ভাববাদীপ্রতারণাশান্তিজবাবদিহিতা
1পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
2“হে মানবসন্তান, ইস্রায়েলের যে ভাববাদীরা ভাববাণী বলে, তুমি তাদের বিরুদ্ধে ভাববাণী বলো। যারা নিজেদের মনগড়া কথা বলছে তুমি তাদের বলো যে: ‘সদাপ্রভুর বাক্য শোনো!
3সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন ধিক্ সেই নির্বোধ ভাববাদীরা যারা কোনও দর্শন না পেয়ে তাদের মনগড়া কথা বলে!
4হে ইস্রায়েল, তোমার ভাববাদীরা ধ্বংসস্থানের শিয়ালদের মতো।
5তোমরা ইস্রায়েল কুলের দেয়ালের ফাটল মেরামত করতে ওঠোনি যেন সদাপ্রভুর দিনে যুদ্ধের সময়ে সেটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে।
6তাদের দর্শন অলীক ও তাদের ভবিষ্যৎ-কথন মিথ্যা। তারা বলে, “সদাপ্রভু বলেন,” অথচ সদাপ্রভু তাদের পাঠাননি; তবুও তারা আশা করে যে তাদের কথা সফল হবে।
7তোমরা কি অলীক দর্শন দেখোনি এবং মিথ্যা ভবিষ্যদ্‌বাণী উচ্চারণ করোনি যখন তোমরা বলো, “সদাপ্রভু বলেন,” যদিও আমি বলিনি?
8“ ‘সুতরাং সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের অলীক কথা ও মিথ্যা দর্শনের জন্য, আমি তোমাদের বিরুদ্ধে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
9আমার হাত সেই ভাববাদীদের বিরুদ্ধে যারা অলীক দর্শন দেখে এবং মিথ্যা ভবিষ্যদ্‌বাণী উচ্চারণ করে। তারা আমার প্রজাদের সভায় থাকবে না এবং ইস্রায়েল কুলের বংশতালিকায় তাদের নাম থাকবে না আর তারা ইস্রায়েল দেশে ঢুকবে না। তখন তারা জানবে যে, আমিই সার্বভৌম সদাপ্রভু।
10“ ‘কারণ যখন কোনও শান্তি নেই তখন তারা “শান্তি” বলে আমার প্রজাদের বিপথে চালায় এবং তারা যেন লোকদের গাঁথা এমন দেয়ালের উপর চুনকাম করে যা শক্ত নয়,
11সেইজন্য, যারা চুনকাম করছে তুমি তাদের বলো যে, সেই দেয়াল পড়ে যাবে। প্রবল বৃষ্টি পড়বে ও আমি বড়ো বড়ো শিলা পাঠাব এবং ঝোড়ো বাতাস সজোরে বইবে।
12দেয়াল যখন ভেঙে পড়বে তখন লোকেরা কি তোমাদের জিজ্ঞাসা করবে না, “তোমরা যে চুনকাম করেছিলে তার কি হল?”
13“ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার ভীষণ ক্রোধে ঝোড়ো বাতাস মুক্ত করব, আমার অসন্তোষে আমি বড়ো বড়ো শিলা ও প্রবল বৃষ্টি ধ্বংসাত্মক উন্মত্ততায় পড়বে।
14যে দেয়াল তোমরা চুনকাম করেছিলে তা আমি ধ্বংস করব ও মাটিতে মিশিয়ে দেব যেন তার ভিত্তি খোলা পড়ে থাকবে। সেটি যখন পড়বে তখন তোমরাও তার সঙ্গে ধ্বংস হবে, এবং তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
15সুতরাং আমি আমার ভীষণ ক্রোধ দেয়ালের ও যারা সেটি চুনকাম করেছিল তাদের উপর ব্যয় করব। আমি তোমাদের বলব, “দেয়াল ও যারা সেটি চুনকাম করেছিল তারা কেউ আর নেই,
16যে ইস্রায়েলের ভাববাদীরা জেরুশালেমকে ভবিষ্যদ্‌বাণী করেছিল ও শান্তি না থাকলে তারা শান্তির দর্শন দেখেছিল তারাও নেই, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।” ’
17“এখন, হে মানবসন্তান, তোমার জাতির যে মেয়েরা ভাববাদিনী হিসেবে নিজেদের কল্পনার কথা বলে এখন তুমি তাদের বিরুদ্ধে দাড়াও। তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো,
18আর বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন ধিক্ সেই মহিলারা যারা লোকদের হাতের জন্য তাবিজ এবং মাথা ঢাকবার জন্য বিভিন্ন মাপের কাপড় তৈরি করো যাতে তোমরা সেই লোকদের ফাঁদে ফেলতে পারো। তোমরা কি আমার লোকদের প্রাণ শিকার করে নিজেদের প্রাণরক্ষা করবে?
19কয়েক মুঠো যব আর কয়েক টুকরো রুটির জন্য তোমরা আমার লোকদের সামনে আমাকে অসম্মানিত করেছ। আমার লোকেরা, যারা মিথ্যা কথা শোনে, তোমরা তাদের কাছে মিথ্যা কথা বলে যারা মরবার উপযুক্ত নয় তাদের মেরে ফেলেছ এবং যারা বাঁচবার উপযুক্ত নয় তাদের বাঁচিয়ে রেখেছ।
20“ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন তোমরা যে তাবিজ দিয়ে পাখির মতো করে লোকদের ধরো আমি তার বিপক্ষে আর আমি তোমাদের হাত থেকে সেগুলি ছিঁড়ে ফেলে দেব; পাখির মতো করে যে লোকদের তোমরা ধরো তাদের আমি মুক্ত করব।
21তোমাদের মাথা ঢাকবার কাপড়গুলি ছিঁড়ে ফেলে আমি তোমাদের হাত থেকে আমার লোকদের উদ্ধার করব, তারা আর তোমাদের হাতে শিকারের মতো ধরা পড়বে না। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
22যেহেতু ধার্মিকদের তোমরা তোমাদের মিথ্যা কথা দিয়ে দুঃখ দিয়েছ, যখন আমি তাদের জন্য কোনও দুর্দশা আনিনি, এবং দুষ্ট লোকদের তোমরা অনুপ্রাণিত করেছ যাতে তারা প্রাণ বাঁচাবার জন্য কুপথ থেকে না ফেরে,
23সেইজন্য তোমরা আর অলীক দর্শন দেখবে না ও ভবিষ্যৎ-কথনের চর্চা করবে না। তোমাদের হাত থেকে আমি আমার লোকদের উদ্ধার করব। আর তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।’ ”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.