
যাত্রা পুস্তক 35
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
যাত্রা পুস্তক ৩৫ শাব্বাতের আজ্ঞা দিয়ে শুরু হয়, তারপর সমাগম তাঁবুর জন্য স্বেচ্ছা নৈবেদ্য আহ্বান করে। পুরুষ ও নারীরা উপকরণ নিয়ে আসে, দক্ষ নারীরা সুতা কাটে, এবং মোশি বৎসলেল, অহলীয়াব ও অন্যান্য ইচ্ছুক কারিগরদের ভাগ করা কাজের জন্য নিযুক্ত করেন।
শাব্বাতস্বেচ্ছা দানকারুকাজভাগ করা অংশগ্রহণ
1মোশি সমগ্র ইস্রায়েলী সমাজকে একত্রিত করলেন এবং তাদের বললেন, “সদাপ্রভু তোমাদের এরকম করার আদেশ দিয়েছেন:
2ছয় দিন কাজ করা যাবে, কিন্তু সপ্তম দিনটি তোমাদের জন্য পবিত্র দিন, সদাপ্রভুর উদ্দেশে সাব্বাথের এক বিশ্রামবার হবে। যে কেউ এদিন কোনও কাজ করবে তাকে মেরে ফেলতে হবে।
3সাব্বাথবারে তোমাদের কোনও বাড়িতে আগুন জ্বালিয়ো না।”
4মোশি সমগ্র ইস্রায়েল সমাজকে বললেন, “সদাপ্রভু তোমাদের এরকম করার আদেশ দিয়েছেন:
5তোমাদের কাছে যা আছে তা থেকে সদাপ্রভুর জন্য এক উপহার নিয়ো। যে কেউ ইচ্ছুক, সে সদাপ্রভুর উদ্দেশে এক উপহাররূপে এগুলি আনুক: “সোনা, রুপো ও ব্রোঞ্জ;
6নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি মসিনা; ছাগলের লোম;
7লাল রং করা মেষের ছাল এবং অন্য এক ধরনের টেকসই চামড়া ; বাবলা কাঠ;
8আলোর জন্য জলপাই তেল; অভিষেক করার উপযোগী তেলের জন্য ও সুগন্ধি ধূপের জন্য মশলাপাতি;
9এবং এফোদ ও বুকপাটার উপরে বসানোর জন্য স্ফটিকমণি ও অন্যান্য মণিরত্ন।
10“তোমাদের মধ্যে যারা দক্ষ কারিগর, তাদের এগিয়ে আসতে হবে ও সদাপ্রভুর আদেশানুসারে সবকিছু করতে হবে:
11“আবাস এবং সেটির তাঁবু ও সেটির আচ্ছাদন, আঁকড়া, কাঠামো, আগল, খুঁটি ও ভিতগুলি;
12সিন্দুক ও সেটির খুঁটিগুলি এবং প্রায়শ্চিত্ত-আচ্ছাদন ও সেটিকে আড়াল করে থাকা পর্দা;
13টেবিল ও সেটির খুঁটিগুলি এবং সেটির সব উপকরণ ও দর্শন-রুটি;
14আলো দেওয়ার জন্য দীপাধার ও সেটির আনুষঙ্গিক উপকরণ, প্রদীপ ও আলোর জন্য তেল;
15ধূপবেদি ও সেটির খুঁটিগুলি, অভিষেক-তেল ও সুগন্ধি ধূপ; সমাগম তাঁবুর প্রবেশদ্বারে দরজার জন্য পর্দা;
16হোমবলির বেদি ও সেটির ব্রোঞ্জের জাফরি, সেটির খুঁটিগুলি ও সেটির সব পাত্র; ব্রোঞ্জের গামলা ও সেটির মাচা;
17প্রাঙ্গণের পর্দাগুলি ও সেখানকার খুঁটি ও ভিতগুলি, এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারের জন্য পর্দা;
18সমাগম তাঁবুর ও প্রাঙ্গণের জন্য তাঁবু-খুটা এবং সেগুলির দড়াদড়ি;
19হাতে বোনা যে পোশাক পরে পবিত্রস্থানে পরিচর্যা করতে হত, সেগুলি ও যাজক হারোণের জন্য পবিত্র পোশাক এবং যাজকরূপে সেবা করার সময় তাঁর ছেলেদের যে পোশাকগুলি পরে, সেই পোশাকগুলিও।”
20পরে সমগ্র ইস্রায়েলী সমাজ মোশির কাছ থেকে চলে গেল,
21এবং যে যে ইচ্ছুক হল ও যাদের অন্তর তোলপাড় হল, তারা প্রত্যেকে এগিয়ে এল এবং সমাগম তাঁবুর জন্য, সেখানকার সব সেবাকাজের জন্য, ও পবিত্র পোশাকগুলির জন্য সদাপ্রভুর কাছে এক উপহার নিয়ে এল।
22পুরুষ-স্ত্রী নির্বিশেষে যারা যারা ইচ্ছুক হল, তারা এগিয়ে এল এবং সব ধরনের সোনার অলংকার নিয়ে এল: বালা, কানের দুল, আংটি ও গয়নাগাটি। তারা সবাই তাদের সোনাদানা সদাপ্রভুর উদ্দেশে এক দোলনীয়-নৈবেদ্যরূপে উৎসর্গ করল।
23যার যার কাছে নীল, বেগুনি বা টকটকে লাল রংয়ের সুতো অথবা মিহি মসিনা, বা ছাগলের লোম, লাল রং করা মেষচর্ম অথবা অন্যান্য টেকসই চামড়া ছিল, তারা প্রত্যেকে সেগুলি নিয়ে এল।
24যারা যারা রুপো বা ব্রোঞ্জের উপহার উৎসর্গ করল, সদাপ্রভুর উদ্দেশেই তারা সেটি নিয়ে এল, এবং যাদের কাছে যে কোনো কাজে ব্যবহারের উপযোগী বাবলা কাঠ ছিল তারা প্রত্যেকেই তা নিয়ে এল।
25এক একজন দক্ষ মহিলা নিজের হাতে সুতো কেটেছিল ও নীল, বেগুনি বা টকটকে লাল রংয়ের সুতো অথবা মিহি মসিনা—যা কেটেছিল তাই আনল।
26আর যেসব মহিলা ইচ্ছুক হল ও যাদের সেই দক্ষতা ছিল, তারা ছাগলের লোম দিয়ে সুতো কেটেছিল।
27নেতারা এফোদ ও বুকপাটায় বসানোর জন্য স্ফটিকমণি ও অন্যান্য মণিরত্ন আনলেন।
28এছাড়াও তারা আলোর জন্য এবং অভিষেক-তেলের জন্য ও সুগন্ধি ধূপের জন্য মশলাপাতি ও জলপাই তেল আনলেন।
29যেসব ইস্রায়েলী স্ত্রী-পুরুষ ইচ্ছুক হল, তারা মোশির মাধ্যমে সদাপ্রভু তাঁর জন্য তাদের যেসব কাজ করার আদেশ দিয়েছিলেন, তা করার জন্য সদাপ্রভুর কাছে স্বেচ্ছাদান নিয়ে এল।
30পরে মোশি ইস্রায়েলীদের বললেন, “দেখো, সদাপ্রভু যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছেন,
31এবং তিনি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছেন—
32যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে শিল্পবোধসম্পন্ন নকশা ফুটিয়ে তোলে,
33মণিরত্ন কেটে বসায়, কাঠের কাজ করে এবং সব ধরনের শিল্পবোধসম্পন্ন কারুশিল্পের কাজে লিপ্ত হয়।
34আর তিনি তাকে ও দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াব, এই দুজনকেই অন্যান্য মানুষজনকে শিক্ষা দেওয়ার ক্ষমতা দিয়েছেন।
35তিনি তাদের ও তাঁতিদের খোদাইকারী, নকশাকার ও সূচিশিল্পীরূপে নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি মসিনা দিয়ে সব ধরনের কাজ করার দক্ষতায় পরিপূর্ণ করেছেন—তারা সবাই দক্ষ কারিগর ও নকশাকার।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.