Priests tending the incense altar, bronze basin, anointing oil, and sacred incense

যাত্রা পুস্তক 30

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
যাত্রা পুস্তক ৩০ ধূপবেদি, প্রায়শ্চিত্তের জন্য গণনা নৈবেদ্য এবং যাজকীয় ধোয়ার জন্য ব্রোঞ্জের গামলা বর্ণনা করে। এটি পবিত্র অভিষেক তেল ও ধূপের জন্য সূত্রও দেয়, উভয়কে পবিত্র ব্যবহারের জন্য সংরক্ষিত রেখে আরাধনার জন্য সতর্ক প্রস্তুতি শক্তিশালী করে।
ধূপপ্রায়শ্চিত্ত নৈবেদ্যধোয়াপবিত্র তেল
1“ধূপ জ্বালানোর জন্য বাবলা কাঠ দিয়ে একটি বেদি তৈরি কোরো।
2এটি 45 সেন্টিমিটার করে লম্বা ও চওড়া, এবং 90 সেন্টিমিটার উঁচু বর্গাকার হবে—এর শিংগুলি এর সাথে একই টুকরো দিয়ে গড়া হবে।
3এর চূড়া ও সবদিক এবং শিংগুলি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিয়ো, এবং এর চারপাশে সোনার এক ছাঁচ তৈরি কোরো।
4সেই ছাঁচের তলায় বেদিটির জন্য সোনার দুটি আংটা তৈরি কোরো—বেদিটি বহন করার ক্ষেত্রে ব্যবহৃত খুঁটিগুলি ধরে রাখার জন্য বিপরীত দিকগুলির প্রত্যেকটিতে দুটি দুটি করে আংটা তৈরি কোরো।
5বাবলা কাঠ দিয়ে খুঁটিগুলি তৈরি কোরো এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিয়ো।
6যে পর্দাটি বিধিনিয়মের সিন্দুকটিকে আড়াল করে রাখে, সেটির সামনের দিকে—যে প্রায়শ্চিত্ত-আচ্ছাদনটি বিধিনিয়মের ফলকগুলির উপরে থাকে, সেটির সামনে—সেই বেদিটি রেখো, যেখানে আমি তোমার সাথে দেখা করব।
7“প্রতিদিন সকালে হারোণ যখন প্রদীপগুলি পরিষ্কার করবে তখন তাকে বেদিতে সুগন্ধি ধূপ জ্বালাতে হবে।
8আবার গোধূলিবেলায় সে যখন প্রদীপগুলি জ্বালাবে তখনও তাকে ধূপ জ্বালাতে হবে, যেন আগামী বংশপরম্পরায় সদাপ্রভুর সামনে নিয়মিতভাবে ধূপ জ্বলে।
9এই বেদিতে আর অন্য কোনো ধূপ বা কোনো হোমবলি বা শস্য-নৈবেদ্য উৎসর্গ কোরো না, এটির উপরে কোনো পেয়-নৈবেদ্য ঢেলো না।
10বছরে একবার হারোণ বেদির শিংগুলির উপরে প্রায়শ্চিত্ত সাধন করবে। এই বাৎসরিক প্রায়শ্চিত্তটি আগামী বংশপরম্পরায় প্রায়শ্চিত্তকারক পাপার্থক বলির রক্ত দিয়ে করতে হবে। সদাপ্রভুর উদ্দেশে এটি অতি পবিত্র।”
11পরে সদাপ্রভু মোশিকে বললেন,
12“ইস্রায়েলীদের সংখ্যা গণনা করার জন্য যখন তুমি তাদের জনগণনা করবে, তখন গণিত হওয়ার সময় প্রত্যেককে তার জীবনের জন্য সদাপ্রভুকে এক মুক্তিপণ দিতে হবে। তুমি তাদের সংখ্যা গণনা করার সময় তখন আর তাদের উপর কোনও আঘাত নেমে আসবে না।
13যারা ইতিমধ্যেই গণিত হয়ে গিয়েছে, সেই লোকজনের মধ্যে যে কেউ আসবে, তাকে পবিত্রস্থানের শেকল অনুসারে আধ শেকল দিতে হবে, এক শেকলের ওজন কুড়ি গেরা। এই আধ শেকল সদাপ্রভুর উদ্দেশে দত্ত এক উপহার।
14এদিকে আসা যাদের বয়স কুড়ি বছর বা তার বেশি, তারা সদাপ্রভুর উদ্দেশে এক নৈবেদ্য উৎসর্গ করবে।
15তোমাদের জীবনের জন্য প্রায়শ্চিত্ত করতে গিয়ে তুমি যখন সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করবে, তখন ধনবান লোক আধ শেকলের বেশি দেবে না এবং দরিদ্রও কম দেবে না।
16ইস্রায়েলীদের কাছ থেকে প্রায়শ্চিত্তকারী অর্থ গ্রহণ কোরো এবং সেই অর্থ সমাগম তাঁবুর সেবাকাজে ব্যবহার কোরো। সদাপ্রভুর সামনে ইস্রায়েলীদের জন্য এক স্মারক হয়ে থেকে তা তোমাদের জীবনের জন্য প্রায়শ্চিত্ত করবে।”
17পরে সদাপ্রভু মোশিকে বললেন,
18“ধোয়াধুয়ি করার জন্য ব্রোঞ্জের একটি গামলা ও ব্রোঞ্জ দিয়ে সেটির মাচাও তৈরি কোরো। সমাগম তাঁবুর ও বেদির মাঝখানে সেটি রেখো, এবং সেটিতে জল ভরে দিয়ো।
19সেখান থেকে জল নিয়ে হারোণ ও তার ছেলেদের তাদের হাত পা ধুতে হবে।
20যখনই তারা তাঁবুর ভিতরে প্রবেশ করবে, তারা জল দিয়ে নিজেদের ধুয়ে ফেলবে, যেন তারা মারা না যায়। এছাড়াও, যখন তারা সদাপ্রভুর উদ্দেশে এক ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করার মাধ্যমে পরিচর্যা করার জন্য সেই বেদির নিকটবর্তী হবে,
21তখনও তারা তাদের হাত পা ধুয়ে নেবে, যেন তারা মারা না যায়। আগামী বংশপরম্পরায় হারোণ ও তার বংশধরদের জন্য এ এক দীর্ঘস্থায়ী বিধি হবে।”
22পরে সদাপ্রভু মোশিকে বললেন,
23“তুমি এই সুন্দর সুন্দর মশলাগুলি নিও: 500 শেকল তরল গন্ধরস, এর অর্ধেক পরিমাণ (অর্থাৎ 250 শেকল) সুগন্ধি দারুচিনি, 250 শেকল সুগন্ধি বচ,
24500 শেকল নীরসে ধরনের দারুচিনি—সবই পবিত্রস্থানের শেকল অনুসারে—এবং এক হিন জলপাই তেল।
25এগুলি দিয়ে সুগন্ধি দ্রব্যাদির প্রস্তুতকারকের হস্তকলার মতো করে পবিত্র এক অভিষেক-তেল, সুগন্ধি এক মিশ্রণ তৈরি কোরো।
26পরে সমাগম তাঁবু, বিধিনিয়মের সিন্দুক,
27টেবিল ও তার সব জিনিসপত্র, দীপাধার ও তার আনুষঙ্গিক উপকরণ, ধূপবেদি,
28হোমবলির বেদি ও তার সব বাসনপত্র, এবং গামলা ও তার মাচাটি অভিষিক্ত করার জন্য তা ব্যবহার কোরো।
29সেগুলি তুমি পবিত্র করবে, যেন সেগুলি অতি পবিত্র হয়ে যায় এবং যা কিছু সেগুলির সংস্পর্শে আসবে সেগুলিও পবিত্র হয়ে যাবে।
30“হারোণ ও তার ছেলেদের অভিষিক্ত এবং পবিত্র কোরো, যেন তারা যাজকরূপে আমার সেবা করতে পারে।
31ইস্রায়েলীদের বোলো, ‘আগামী বংশপরম্পরায় এটিই হবে আমার পবিত্র অভিষেক-তেল।
32অন্য কোনো মানুষের দেহে এটি ঢেলো না এবং একই প্রস্তুতপ্রণালী ব্যবহার করে অন্য কোনো তেল তৈরি কোরো না। এটি পবিত্র, আর তোমাদের এটি পবিত্র বলেই গণ্য করতে হবে।
33যে কেউ এটির মতো সুগন্ধি তৈরি করে এবং একজন যাজক ছাড়া অন্য কোনো মানুষের গায়ে ঢেলে দেয়, তাকে তার লোকজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হবে। ’ ”
34পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি সমপরিমাণে সুগন্ধি মশলাপাতি—আঠা রজন, নখী, কুন্দুরু—এবং খাঁটি গুগগুল নিয়ো,
35এবং একজন সুগন্ধি দ্রব্যাদি প্রস্তুতকারকের হস্তকলার মতো করে ধূপের এক সুগন্ধি মিশ্রণ তৈরি কোরো। এটি যেন লবণাক্ত এবং খাঁটি ও পবিত্র হয়।
36তা থেকে কিছুটা পিষে গুঁড়ো করে নিও এবং তা সমাগম তাঁবুতে বিধিনিয়মের সেই সিন্দুকটির সামনে এনে রেখো, যেখানে আমি তোমার সাথে দেখা করব। এটি তোমাদের কাছে অতি পবিত্র হবে।
37এই প্রস্তুতপ্রণালী দিয়ে নিজেদের জন্য তোমরা কোনো ধূপ তৈরি কোরো না; সদাপ্রভুর উদ্দেশে এটি পবিত্র বলে গণ্য কোরো।
38যে কেউ এটির সুগন্ধ উপভোগ করার জন্য এটির মতো ধূপ তৈরি করবে, তাকে তার লোকজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হবে।”

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.