Moses viewing the tabernacle's layered curtains, wooden frames, and closed inner veil

যাত্রা পুস্তক 26

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
যাত্রা পুস্তক ২৬ সমাগম তাঁবুর বোনা পর্দা, সুরক্ষামূলক আচ্ছাদন, খাড়া কাঠামো, ভিত্তি ও আড়াআড়ি কাঠের বিস্তারিত বিবরণ দেয়। একটি পর্দা মহাপবিত্র স্থানকে আলাদা করে, যখন একটি আচ্ছাদন প্রবেশপথ চিহ্নিত করে, প্রান্তরে একটি সুশৃঙ্খল ও বহনযোগ্য পবিত্র স্থান তৈরি করে।
সমাগম তাঁবুপর্দাকাঠামোআচ্ছাদন পর্দা
1“একজন দক্ষ কারিগরকে দিয়ে মিহি পাকান মসিনা ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতোয় তৈরি দশটি পর্দায় করূবদের নকশা ফুটিয়ে তুলে সমাগম তাঁবুটি তৈরি কোরো।
2সব পর্দা একই মাপের—13 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হবে।
3পাঁচটি পর্দা একসঙ্গে জুড়ে দিয়ো, এবং অন্য পাঁচটির ক্ষেত্রেও একই কাজ কোরো।
4এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে নীল কাপড়ের ফাঁস তৈরি কোরো, এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একই কাজ কোরো।
5একটি পর্দায় পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো এবং অন্য পাটি পর্দাতেও কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো, যেন ফাঁসগুলি পরস্পরের বিপরীত দিকে থাকে।
6পরে সোনার পঞ্চাশটি আঁকড়া তৈরি কোরো এবং পর্দাগুলি একসঙ্গে সংলগ্ন করে রাখার জন্য সেগুলি ব্যবহার কোরো, যেন এক এককরূপে সমাগম তাঁবুটি অক্ষুণ্ণ থাকে।
7“সমাগম তাঁবুটি ঢেকে রাখার জন্য ছাগ-লোমের পর্দা তৈরি কোরো—মোট এগারোটি।
8এগারোটি পর্দার সবগুলিই একই মাপের হবে—13.5 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া।
9পাঁচটি পর্দা একসঙ্গে এক পাটিতে জুড়ে দিয়ো, এবং অন্য ছয়টি অন্য পাটিতে জুড়ে দিয়ো। ষষ্ঠ পর্দাটি দুই ভাঁজ করে তাঁবুর সামনের দিকে রেখে দিয়ো।
10এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তা কোরো।
11পরে ব্রোঞ্জের পঞ্চাশটি আঁকড়া তৈরি কোরো এবং এক এককরূপে একসঙ্গে তাঁবুটি বেঁধে রাখার জন্য সেগুলি ফাঁসগুলির মধ্যে আটকে দিয়ো।
12তাঁবুর পর্দাগুলির বাড়তি দৈর্ঘ্যের ক্ষেত্রে, যে অর্ধেক পর্দাটি বাড়তি থেকে যাবে, সেটি সমাগম তাঁবুর পিছন দিকে ঝুলিয়ে দিতে হবে।
13তাঁবুর পর্দাগুলি দুই দিকেই 45 সেন্টিমিটার করে বেশি লম্বা হবে; যেটুকু বাড়তি থাকবে তা সমাগম তাঁবুটি ঢেকে রাখার জন্য তাঁবুর এপাশে ওপাশে ঝুলতে থাকবে।
14তাঁবু ঢেকে রাখার জন্য মেষের চামড়া লাল রং করে, তা দিয়ে একটি আচ্ছাদন তৈরি কোরো, এবং সেটির উপর অন্য এক টেকসই চামড়া দিয়ে আরও একটি আচ্ছাদন তৈরি কোরো।
15“সমাগম তাঁবুর জন্য বাবলা কাঠ দিয়ে খাড়া কাঠামো তৈরি কোরো।
16প্রত্যেকটি কাঠামো 4.5 মিটার করে লম্বা ও 68 সেন্টিমিটার করে চওড়া হবে,
17এবং কাঠামোর বেরিয়ে থাকা অংশ দুটি পরস্পরের সমান্তরাল করে বসাতে হবে। এভাবেই সমাগম তাঁবুর সব কাঠামো তৈরি কোরো।
18সমাগম তাঁবুর দক্ষিণ দিকের জন্য কুড়িটি কাঠামো তৈরি কোরো
19এবং সেগুলির তলায় লাগানোর জন্য রুপোর চল্লিশটি ভিত তৈরি কোরো—প্রত্যেকটি কাঠামোর জন্য দুটি করে ভিত, এক-একটি অভিক্ষেপের তলায় একটি করে।
20অন্য দিকের জন্য, সমাগম তাঁবুর উত্তর দিকের জন্য, কুড়িটি কাঠামো
21এবং প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে ভিত লাগানোর জন্য চল্লিশটি রুপোর ভিত তৈরি কোরো।
22দূরবর্তী প্রান্তের জন্য, অর্থাৎ, সমাগম তাঁবুর পশ্চিম প্রান্তের জন্য ছয়টি কাঠামো তৈরি কোরো,
23এবং দূরবর্তী প্রান্তে কোণার জন্য দুটি কাঠামো তৈরি কোরো।
24এই দুটি কোনায় সেগুলি যেন অবশ্যই নিচ থেকে একদম চূড়া পর্যন্ত দ্বিগুণ মাপের হয় এবং একটিই বলয়ে লাগানো থাকে; দুটিই একইরকম হবে।
25অতএব সেখানে আটটি কাঠামো ও প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে—মোট ষোলোটি রুপোর ভিত থাকবে।
26“এছাড়াও বাবলা কাঠ দিয়ে অর্গল তৈরি কোরো: সমাগম তাঁবুর একদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি,
27অন্য দিকের কাঠামোগুলির জন্য পাঁচটি, এবং সমাগম তাঁবুর শেষ প্রান্তে, পশ্চিমদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি।
28মাঝখানের অর্গলটি কাঠামোগুলির মাঝখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে।
29কাঠামোগুলি সোনা দিয়ে মুড়ে দিয়ো এবং অর্গলগুলি ধরে রাখার জন্য সোনার আংটা তৈরি কোরো। আর অর্গলগুলিও সোনা দিয়ে মুড়ে দিয়ো।
30“পর্বতের উপরে তোমার কাছে যেমনটি প্রদর্শিত হল, ঠিক সেই পরিকল্পনা অনুসারেই সমাগম তাঁবুটি প্রতিষ্ঠিত কোরো।
31“নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি কোরো, এবং দক্ষ কারিগর দিয়ে তাতে করূবদের নকশা ফুটিয়ে তোলো।
32সোনা দিয়ে মোড়া এবং রুপোর চারটি ভিতের উপর দাঁড়ান বাবলা কাঠের চারটি খুঁটির উপরে এটি সোনার আঁকড়া দিয়ে ঝুলিয়ে দিয়ো।
33পর্দাটি আঁকড়া থেকে নিচে ঝুলিয়ে দিয়ো এবং বিধিনিয়মের সিন্দুকটি পর্দার পিছন দিকে রেখে দিয়ো। পর্দাটিই পবিত্র স্থানটিকে মহাপবিত্র স্থান থেকে পৃথক করবে।
34মহাপবিত্র স্থানে, বিধিনিয়মের সিন্দুকটির উপরে প্রায়শ্চিত্ত-আবরণটি রেখে দিয়ো।
35সমাগম তাঁবুর উত্তর দিকে পর্দার বাইরে টেবিলটি রেখে দিয়ো এবং সেটির বিপরীতে দক্ষিণ দিকে দীপাধারটি রেখে দিয়ো।
36“তাঁবুর প্রবেশদ্বারের জন্য নীল, বেগুনি, টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি কোরো—যা হবে একজন সূচিশিল্পীর হস্তকলা।
37এই পর্দাটির জন্য সোনার আঁকড়া এবং সোনায় মোড়া বাবলা কাঠের পাঁচটি খুঁটিও তৈরি কোরো। আর এগুলির জন্য ব্রোঞ্জের পাঁচটি ভিত ঢালাই করে দিয়ো।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.