Israel gathered behind the boundary at Mount Sinai as Moses ascends toward the cloud and fire

যাত্রা পুস্তক 19

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
যাত্রা পুস্তক ১৯ ইস্রায়েলকে সীনয় পর্বতে নিয়ে আসে, যেখানে জনগণ মূল্যবান সম্পত্তি, যাজকদের রাজ্য এবং পবিত্র জাতি হওয়ার নিয়মের আহ্বানে সম্মত হয়। তারা প্রস্তুত হয় এবং নির্ধারিত সীমার পিছনে থাকে যখন মেঘ, বজ্র, আগুন, ধোঁয়া ও তূরী পবিত্র সাক্ষাতের সংকেত দেয়।
সীনয়নিয়মের পরিচয়প্রস্তুতিপবিত্র সীমা
1ইস্রায়েলীরা মিশর ছেড়ে বেরিয়ে আসার পর তৃতীয় মাসের প্রথম দিনে—ঠিক সেদিনই—তারা সীনয় মরুভূমিতে এসেছিল।
2রফীদীম থেকে যাত্রা শুরু করার পর, তারা সীনয় মরুভূমিতে প্রবেশ করল, এবং পর্বতের সামনের দিকে ইস্রায়েল সেখানে মরুভূমিতে শিবির স্থাপন করল।
3পরে মোশি ঈশ্বরের কাছে উঠে গেলেন এবং সদাপ্রভু পর্বত থেকে তাঁকে ডাক দিয়ে বললেন, “যাকোবের বংশধরদের কাছে এবং ইস্রায়েলের লোকজনের কাছে তোমাকে একথাই বলতে হবে:
4‘তোমরা নিজেরাই তো দেখেছ আমি মিশরের প্রতি কী করেছিলাম, এবং কীভাবে আমি তোমাদের ঈগলের ডানায় তুলে বহন করেছিলাম ও তোমাদের নিজের কাছে এনেছিলাম।
5এখন তোমরা যদি পুরোপুরি আমার বাধ্য হও ও আমার নিয়ম পালন করো, তবে সব জাতির মধ্যে তোমরাই আমার নিজস্ব সম্পত্তি হবে। যদিও সমগ্র পৃথিবীই আমার,
6তোমরা আমার জন্য যাজকদের এক রাজ্য এবং পবিত্র এক জাতি হবে।’ ইস্রায়েলীদের কাছে তোমাকে এইসব কথা বলতে হবে।”
7অতএব মোশি ফিরে গেলেন এবং লোকদের প্রাচীনদের ডেকে পাঠালেন ও সদাপ্রভু তাঁকে যা যা বলার আদেশ দিয়েছিলেন সেসব কথা তাঁদের সামনে পেশ করলেন।
8লোকজন সবাই একসঙ্গে উত্তর দিল, “সদাপ্রভু যা যা বলেছেন আমরা সেসবকিছু করব।” অতএব মোশি তাদের উত্তর সদাপ্রভুর কাছে ফিরিয়ে দিলেন।
9সদাপ্রভু মোশিকে বললেন, “আমি এক ঘন মেঘে তোমার কাছে আসতে চলেছি, যেন লোকেরা শোনে যে আমি তোমার সঙ্গে কথা বলছি এবং তারা সবসময় তোমার উপর তাদের আস্থা স্থাপন করে।” লোকেরা কী বলেছিল তা তখন মোশি সদাপ্রভুকে বললেন।
10আর সদাপ্রভু মোশিকে বললেন, “লোকদের কাছে যাও এবং আজ ও আগামীকাল তাদের পবিত্র করো। তারা তাদের জামাকাপড় ধুয়ে নিক
11ও তৃতীয় দিনের জন্য প্রস্তুত থাকুক, কারণ সেদিনই সব লোকের চোখের সামনে সদাপ্রভু সীনয় পর্বতে নেমে আসবেন।
12পর্বতের চারপাশে লোকদের জন্য সীমানা নির্দিষ্ট করে দাও ও তাদের বলো, ‘সাবধান, তোমরা কেউ যেন পর্বতের কাছে না যাও বা এর পাদদেশ স্পর্শ না করো। যে কেউ পর্বত স্পর্শ করবে তাকে মেরে ফেলতে হবে।
13তাদের পাথর ছুঁড়ে বা তির নিক্ষেপ করে হত্যা করতে হবে; তাদের উপর যেন কোনও হাত না পড়ে। কোনও মানুষ বা পশুকে বেঁচে থাকার অনুমতি দেওয়া হবে না।’ একমাত্র যখন শিঙার সুদীর্ঘ শব্দ শোনা যাবে, তখনই তারা পর্বতের কাছে আসতে পারবে।”
14পর্বত থেকে মোশি নিচে ইস্রায়েলীদের কাছে নেমে আসার পর, তিনি তাদের পবিত্র করলেন, এবং তারা তাদের জামাকাপড় ধুয়ে নিল।
15পরে তিনি লোকদের বললেন, “তৃতীয় দিনের জন্য তোমরা নিজেদের প্রস্তুত করো। যৌন সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকো।”
16তৃতীয় দিন সকালবেলায় বজ্রপাত হল ও বিদ্যুৎ চমকাল, একইসাথে ঘন মেঘে পর্বত ঢেকে গেল ও খুব জোরে শিঙার শব্দ শোনা গেল। শিবিরের মধ্যে প্রত্যেকে কেঁপে উঠল।
17তখন মোশি ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য নেতৃত্ব দিয়ে লোকদের শিবির থেকে বের করে আনলেন, এবং তারা পর্বতের পাদদেশে এসে দাঁড়াল।
18সীনয় পর্বত ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু অগ্নিবেষ্টিত হয়ে পর্বতের উপর নেমে এলেন। অগ্নিকুণ্ড থেকে ওঠা ধোঁয়ার মতো সেই ধোঁয়া গলগল করে সেখান থেকে উপরে উঠে গেল, এবং সমগ্র পর্বত থরথর করে কেঁপে উঠল।
19শিঙার শব্দ ক্রমশ জোরালো হল, মোশি কথা বললেন এবং ঈশ্বরের কণ্ঠস্বর তাঁকে উত্তর দিল ।
20সদাপ্রভু সীনয় পর্বতের চূড়ায় নেমে এলেন এবং মোশিকে পর্বতের চূড়ায় ডেকে নিলেন। অতএব মোশি উপরে উঠে গেলেন
21এবং সদাপ্রভু তাঁকে বললেন, “নিচে নেমে যাও ও লোকদের সাবধান করে দাও, পাছে তারা জোর করে সদাপ্রভুকে দেখতে যায় ও তাদের মধ্যে অনেকে প্রাণ হারায়।
22এমনকি যারা সদাপ্রভুর নিকটবর্তী হয়, সেই যাজকরাও যেন নিজেদের পবিত্র করে, তা না হলে সদাপ্রভু তাদের বিরুদ্ধে সহসা আবির্ভূত হবেন।”
23মোশি সদাপ্রভুকে বললেন, “লোকেরা সীনয় পর্বতে উঠে আসতে পারবে না, কারণ তুমি নিজেই আমাদের সাবধান করে দিয়েছ, ‘পর্বতের চারপাশে সীমানা নির্দিষ্ট করে রাখো এবং সেটিকে পবিত্রতায় পৃথক করে রাখো।’ ”
24সদাপ্রভু উত্তর দিলেন, “নিচে নেমে যাও এবং হারোণকে তোমার সঙ্গে নিয়ে উপরে উঠে এসো। কিন্তু যাজকেরা ও লোকেরা যেন জোর করে সদাপ্রভুর কাছে উঠে আসার চেষ্টা না করে, তা না হলে তিনি তাদের বিরুদ্ধে সহসা আবির্ভূত হবেন।”
25অতএব মোশি নিচে লোকদের কাছে নেমে গেলেন এবং তাদের এসব কথা বললেন।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.