
2 শমূয়েল 9
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
যোনাথনকে স্মরণ করে, দাউদ শৌলের বেঁচে থাকা পরিবার খোঁজেন এবং মফীবোশতের জমি পুনরুদ্ধার করেন। প্রতিবন্ধী ও ভীত হলেও, যোনাথনের পুত্র রাজার টেবিলে স্থায়ী স্বাগত ও ব্যবস্থা পান, অটল নিয়মের দয়ার মাধ্যমে।
দয়ানিয়মের আনুগত্যপুনরুদ্ধারআপনত্ব
1দাউদ জিজ্ঞাসা করলেন, “শৌলের বংশে এমন কেউ কি অবশিষ্ট আছে, যার প্রতি আমি যোনাথনের খাতিরে দয়া দেখাতে পারি?”
2সীব নামে শৌলের এক পারিবারিক দাস ছিল। তাকে দাউদের সামনে উপস্থিত হওয়ার জন্য ডেকে পাঠানো হল, এবং রাজামশাই তাকে বললেন, “তুমিই কি সীব?” “আপনার দাস তাই বটে,” সে উত্তর দিয়েছিল।
3রাজামশাই জিজ্ঞাসা করলেন: “শৌলের বংশে আর কি কেউ জীবিত নেই, যার প্রতি আমি ঐশ্বরিক দয়া দেখাতে পারি?” সীব রাজাকে উত্তর দিয়েছিল, “যোনাথনের এক ছেলে এখনও অবশিষ্ট আছেন; তিনি দুই পায়েই খঞ্জ।”
4“সে কোথায়?” রাজামশাই জিজ্ঞাসা করলেন। সীব উত্তর দিয়েছিল, “তিনি লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাসায় আছেন।”
5তখন রাজা দাউদ লো-দবারে লোক পাঠিয়ে তাঁকে অম্মীয়েলের ছেলে মাখীরের বাসা থেকে আনিয়েছিলেন।
6শৌলের নাতি ও যোনাথনের ছেলে মফীবোশৎ দাউদের কাছে এসে তাঁকে সম্মান জানানোর জন্য মাটিতে উবুড় হয়ে প্রণাম করলেন। দাউদ বললেন, “মফীবোশৎ!” “এই তো আমি, আপনার দাস,” তিনি উত্তর দিলেন।
7“ভয় পেয়ো না,” দাউদ তাঁকে বললেন, “কারণ নিঃসন্দেহে তোমার বাবা যোনাথনের খাতিরে আমি তোমার প্রতি দয়া দেখাব। তোমার বাবামহ শৌলের সব জমি আমি তোমাকে ফিরিয়ে দেব, ও তুমি সবসময় আমার টেবিলে বসে ভোজনপান করবে।”
8মফীবোশৎ নতজানু হয়ে বললেন, “আপনার দাস এমন কে, যে আপনি আমার মতো এক মরা কুকুরকে দয়া দেখাচ্ছেন?”
9তখন রাজামশাই শৌলের সেবক সীবকে ডেকে পাঠিয়ে তাকে বললেন, “আমি তোমার মনিবের নাতিকে সেসবকিছু দিয়েছি, যা শৌল ও তাঁর পরিবারের অধিকারে ছিল।
10তুমি ও তোমার ছেলেরা ও তোমার দাসেরা তাঁর জমি চাষ করবে এবং ফসল নিয়ে আসবে, যেন তোমার মনিবের নাতির কাছে খাদ্যের জোগান থাকে। তোমার মনিবের নাতি মফীবোশৎ অবশ্য সবসময় আমার টেবিলে বসে ভোজনপান করবেন।” (সেই সীবের পনেরোজন ছেলে ও কুড়ি জন দাস ছিল।)
11তখন সীব রাজামশাইকে বলল, “আমার প্রভু মহারাজ তাঁর দাসকে যা যা আদেশ দিয়েছেন, আপনার দাস তাই করবে।” অতএব মফীবোশৎ একজন রাজপুত্রের মতোই দাউদের টেবিলে বসে ভোজনপান করতে লাগলেন।
12মফীবোশতের এক শিশুছেলে ছিল, যার নাম মীখা, ও সীবের পরিবারের সবাই মফীবোশতের দাস-দাসী ছিল।
13মফীবোশৎ জেরুশালেমে বসবাস করতেন, কারণ তিনি সবসময় রাজার টেবিলেই বসে ভোজনপান করতেন; তিনি দু-পায়েই খঞ্জ ছিলেন।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.