David dancing before the ark as Jerusalem celebrates and Michal watches

2 শমূয়েল 6

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
সিন্দুক সরানোর একটি অনুচিত প্রচেষ্টা ট্র্যাজেডিতে শেষ হয়, শ্রদ্ধা শেখায়। পরে দাউদ বলিদান, সঙ্গীত ও সম্পূর্ণ হৃদয়ে নাচের সঙ্গে এটি জেরুজালেমে নিয়ে আসেন, যখন মীখলের অবজ্ঞা একটি স্থায়ী বিভাজন সৃষ্টি করে।
সিন্দুকআরাধনাশ্রদ্ধাআনন্দ
1দাউদ ইত্যবসরে আবার ইস্রায়েলের 30,000 দক্ষ যুবককে একত্রিত করলেন।
2তিনি ও তাঁর সব লোকজন যিহূদার বালা থেকে ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি আনতে গেলেন, যেটি সেই নামে—সর্বশক্তিমান সদাপ্রভুর নামে পরিচিত, যিনি নিয়ম-সিন্দুকে দুটি করূবের মাঝখানে বিরাজমান।
3তারা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি নতুন একটি গাড়িতে তুলে দিলেন এবং সেটি পাহাড়ের উপর অবস্থিত গিবিয়ায় অবীনাদবের বাড়ি থেকে নিয়ে এলেন। অবীনাদবের দুই ছেলে উষ ও অহিয়ো সেই নতুন গাড়িটি চালাচ্ছিল
4ও ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি সেটির উপর রাখা ছিল, এবং গিবিয়ায় বসবাসকারী অবীনাদবের ছেলে অহিয়ো সেটির আগে আগে হাঁটছিল।
5দাউদ ও সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর সামনে গান গেয়ে ও বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দ প্রকাশ করছিলেন।
6তারা যখন নাখোনের খামারে পৌঁছেছিলেন, উষ হাত বাড়িয়ে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি ধরেছিল, কারণ বলদগুলি হোঁচট খেয়েছিল।
7উষের এই ভক্তিহীন আচরণ দেখে সদাপ্রভু তার উপর ক্রোধে জ্বলে উঠেছিলেন; তাই ঈশ্বর তাকে যন্ত্রণা করলেন, ও সে সেখানে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের পাশেই পড়ে মারা গেল।
8সদাপ্রভুর ক্রোধ উষের উপর ফেটে পড়তে দেখে দাউদ তখন ক্রুদ্ধ হলেন, এবং আজও পর্যন্ত সেই স্থানটিকে পেরস-উষ বলে ডাকা হয়।
9সেদিন দাউদ সদাপ্রভুকে ভয় পেয়ে বললেন, “সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি তবে কীভাবে আমার কাছে আসবে?”
10দাউদ-নগরে তিনি তাঁর সঙ্গে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে যেতে চাননি। তার পরিবর্তে তিনি সেটি গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে এনে রেখেছিলেন।
11সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে তিন মাস ধরে রাখা ছিল, এবং সদাপ্রভু তাকে ও তার সম্পূর্ণ পরিবারকে আশীর্বাদ করলেন।
12রাজা দাউদকে বলা হল, “ঈশ্বরের নিয়ম-সিন্দুকের খাতিরে সদাপ্রভু ওবেদ-ইদোম ও তার সবকিছুকে আশীর্বাদ করেছেন।” তাই ওবেদ-ইদোমের বাড়ি থেকে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি দাউদ-নগরে নিয়ে আসার জন্য দাউদ আনন্দ করতে করতে সেখানে গেলেন।
13সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহনকারী লোকেরা ছয়পা যেতে না যেতেই তিনি একটি বলদ ও একটি হৃষ্টপুষ্ট বাছুর বলি দিলেন।
14মসিনার এফোদ গায়ে দিয়ে দাউদ সদাপ্রভুর সামনে তাঁর সব শক্তি নিয়ে নেচে যাচ্ছিলেন,
15এবং এভাবেই তিনি ও সমস্ত ইস্রায়েল চিৎকার-চেঁচামেচি করে ও শিঙা বাজিয়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসছিলেন।
16সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি যখন দাউদ-নগরে প্রবেশ করছিল, শৌলের মেয়ে মীখল জানলা থেকে তা লক্ষ্য করলেন। যখন তিনি দেখেছিলেন যে রাজা দাউদ সদাপ্রভুর সামনে লাফালাফি ও নাচানাচি করছেন, তিনি তখন মনে মনে তাঁকে তুচ্ছজ্ঞান করলেন।
17তারা সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি সেই তাঁবুর মধ্যে এনে রেখেছিল, যেটি দাউদ সেটি রাখার জন্যই খাটিয়ে রেখেছিলেন, এবং দাউদ সদাপ্রভুর সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন।
18হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করার পর তিনি সর্বশক্তিমান সদাপ্রভুর নামে প্রজাদের আশীর্বাদ করলেন।
19পরে তিনি স্ত্রী-পুরুষ নির্বিশেষে, ইস্রায়েলী জনতার এক একজনকে একটি করে রুটি, খেজুরের পিঠে ও কিশমিশের পিঠে দিলেন। প্রজারা সবাই নিজেদের ঘরে ফিরে গেল।
20পরিবারের লোকজনকে আশীর্বাদ করার জন্য যখন দাউদ ঘরে ফিরে গেলেন, শৌলের মেয়ে মীখল তাঁর সঙ্গে দেখা করতে বেরিয়ে এলেন ও তাঁকে বললেন, “ইস্রায়েলের রাজা আজ এ কীভাবে নিজেকে সম্মানিত করলেন, অন্য যে কোনো নীচ লোকের মতো আপনিও কি না আপনার দাসদের ক্রীতদাসীদের সামনে অর্ধ-উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেন!”
21দাউদ মীখলকে বললেন, “আমি সেই সদাপ্রভুর সামনেই তা করেছি, যিনি তোমার বাবা বা তাঁর পরিবারের অন্য কোনও লোককে না বেছে আমাকেই সদাপ্রভুর প্রজা ইস্রায়েলের উপর শাসনকর্তারূপে নিযুক্ত করলেন—আমি সদাপ্রভুর সামনেই আনন্দ প্রকাশ করব।
22আমি এর থেকেও আরও নীচ হব, ও আমি নিজের দৃষ্টিতে হীন হব। কিন্তু তুমি যেসব ক্রীতদাসীর কথা বললে, আমি তাদের কাছে সম্মানিতই থেকে যাব।”
23আর শৌলের মেয়ে মীখলের আমৃত্যু কোনও সন্তান হয়নি।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.