
2 করিন্থীয় 9
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
পৌল করিন্থীয়দের লজ্জা বা চাপ ছাড়াই তাদের প্রতিশ্রুত উপহার পূরণ করতে প্রস্তুত করেন। উদার বপন প্রচুর ফল দেয় যখন ঈশ্বর ভালো কাজের জন্য সম্পদ সরবরাহ করেন, ধন্যবাদজ্ঞাপন, সহভাগিতা ও প্রশংসা উৎপাদন করে।
আনন্দিত দানবপন ও ফসলব্যবস্থাধন্যবাদজ্ঞাপন
1পবিত্রগণের প্রতি এই যে সেবাকাজ, সে সম্পর্কে তোমাদের কাছে আমার কিছু লেখার প্রয়োজন নেই।
2সাহায্যের জন্য তোমাদের আগ্রহের কথা আমি জানি। ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এ সম্পর্কে আমি গর্বও করে থাকি, তাদের বলি যে, আখায়া প্রদেশের মধ্যে তোমরা গত বছর থেকেই দান করার জন্য প্রস্তুত হয়েছ এবং তোমাদের উদ্যম তাদের অধিকাংশ লোককে এ বিষয়ে তৎপর করে তুলতে উৎসাহিত করেছে।
3কিন্তু আমি এজন্যই এই ভাইদের পাঠাচ্ছি, যেন এ বিষয়ে তোমাদের সম্পর্কে আমাদের গর্ব মিথ্যা না হয়, বরং তোমরা যেন প্রস্তুত থাকো, যেমন তোমরা থাকবে বলে আমি বলেছিলাম।
4কারণ ম্যাসিডোনিয়ার কোনো লোক আমার সঙ্গে এসে যদি দেখে যে, তোমরা প্রস্তুত নও, আমরা—তোমাদের সম্পর্কে কিছু বলতে চাই না—এত আস্থাশীল বলে লজ্জিতই হব।
5তাই আমি ভাবলাম, এই ভাইদের অনুরোধ করা আবশ্যক, যেন তাঁরা আগে তোমাদের পরিদর্শন করেন এবং যে মুক্তহস্ত দানের প্রতিশ্রুতি তোমরা দিয়েছিলে, সেই ব্যবস্থাপনা শেষ করতে পারেন। তখন তা মুক্তহস্তের দান বলে প্রস্তুত থাকবে, অনিচ্ছাকৃত দানরূপে নয়।
6একথা স্মরণে রেখো: যে অল্প পরিমাণে বীজ বোনে, সে অল্প পরিমাণেই ফসল কাটবে এবং যে অনেক পরিমাণে বীজ বোনে, সে অনেক পরিমাণে ফসলও কাটবে।
7প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে, তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুকরূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর উৎফুল্ল দাতাকে প্রেম করেন।
8আর ঈশ্বর তোমাদের সমস্ত অনুগ্রহে সমৃদ্ধ করতে সমর্থ, যেন সকল বিষয়ে, সবসময়, সব ধরনের পর্যাপ্ততা থাকায়, তোমরা সব ধরনের সৎকর্মে উপচে পড়ো।
9যেমন লেখা আছে: “সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে, তার ধার্মিকতা চিরস্থায়ী।”
10এখন যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যুগিয়ে দেন, তিনি তোমাদের জন্য বীজ যুগিয়ে দেবেন ও বৃদ্ধি করবেন, সেই সঙ্গে তোমাদের ধার্মিকতার ফসল প্রচুররূপে বৃদ্ধি করবেন।
11তোমরা সর্বতোভাবে সমৃদ্ধিশালী হবে, যেন তোমরা সব উপলক্ষে মুক্তহস্ত হতে পারো এবং আমাদের মাধ্যমে তোমাদের মুক্তহস্তের সেই দান ঈশ্বরের প্রতি ধন্যবাদ-দানে পরিণত হবে।
12তোমাদের সাধিত এই সেবাকাজ কেবলমাত্র যে ঈশ্বরের লোকদের অভাব দূর করেছে, তা নয়, কিন্তু তা বহু অভিব্যক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি ধন্যবাদ-জ্ঞাপনে উপচে পড়ছে।
13যে সেবাকাজের দ্বারা তোমরা নিজেদের প্রমাণ করেছ, সেই কারণে খ্রীষ্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃত বাধ্যতার জন্য এবং তাদের প্রতি ও অন্য সকলের প্রতি তোমাদের মুক্তহস্তের দানের জন্য লোকেরা ঈশ্বরের প্রশংসা করবে।
14ঈশ্বর তোমাদের প্রতি যে অপার অনুগ্রহ-দান করেছেন, সেই কারণে তোমাদের জন্য তাদের প্রার্থনায়, তাদের হৃদয় তোমাদের প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে।
15বর্ণনার অতীত ঈশ্বরের দানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.