
1 পিতর 4
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
বিশ্বাসীদের পূর্ববর্তী ধ্বংসাত্মক প্যাটার্ন ত্যাগ করা উচিত, ঈশ্বরের ইচ্ছার জন্য বাঁচা উচিত, প্রার্থনায় সজাগ থাকা উচিত, গভীরভাবে ভালোবাসা উচিত, আতিথেয়তা অনুশীলন করা উচিত এবং অন্যদের জন্য তাদের উপহার তত্ত্বাবধান করা উচিত। জ্বলন্ত পরীক্ষা অস্বাভাবিক নয়; খ্রীষ্টের জন্য দুর্ভোগ আস্থা ও বিশ্বস্ত ভালোতার সঙ্গে মিলিত হওয়া উচিত।
প্রার্থনাআতিথেয়তাআধ্যাত্মিক উপহারদুর্ভোগ
1অতএব, খ্রীষ্ট তাঁর শরীরে কষ্টভোগ করেছেন বলে, তোমরাও সেই একই উপায়ে নিজেদের সুসজ্জিত করে তোলো, কারণ যে শরীরে কষ্টভোগ করেছে, সে পাপের সঙ্গে সম্পর্ক শেষ করেছে।
2এর ফলে, সে মন্দ দৈহিক কামনাবাসনায় তার পার্থিব জীবনযাপন করে না, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারেই করে।
3অইহুদিরা যেমন করে—লম্পটতা, ভোগলালসা, মদ্যপান, রঙ্গরস ও ঘৃণ্য প্রতিমাপূজা—এসব করে অতীতে তোমরা যথেষ্ট সময় কাটিয়ে দিয়েছ।
4তোমরা তাদের মতো একই উচ্ছৃঙ্খলতার জীবন অনুসরণ করছ না বলে এখন তারা বিস্ময় বোধ করে ও তোমাদের উপরে অবমাননার বোঝা চাপিয়ে দেয়।
5কিন্তু যিনি জীবিত ও মৃতদের বিচার করতে প্রস্তুত, তাঁর কাছে তাদের কৈফিয়ত দিতে হবে।
6এই কারণেই এখন যারা মৃত, তাদের কাছেও সুসমাচার প্রচার করা হয়েছিল, যেন শারীরিকভাবে মানুষের মতো তাদের বিচার করা গেলেও, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তারা আত্মায় জীবিত থাকে।
7সবকিছুরই অন্তিমকাল সন্নিকট। অতএব তোমরা শুদ্ধমন ও আত্মসংযমী হও, যেন প্রার্থনা করতে পারো।
8সর্বোপরি, পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কারণ “ভালোবাসা পাপকে আবৃত করে।”
9বিরক্তি বোধ না করে তোমরা একে অপরের আতিথ্য করো।
10প্রত্যেকেই অন্যদের সেবা করার উদ্দেশে যে বরদান লাভ করেছে, ঈশ্বরের সেই অনুগ্রহ তারা বিশ্বস্ত কর্মাধ্যক্ষের মতো ব্যবহার করুক।
11কেউ যদি কথা বলে, সে এমনভাবে বলুক, যেন ঈশ্বরের বাণীই বলছে। কেউ যদি সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তির গুণেই তা করুক, যেন সব বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন। মহিমা ও পরাক্রম যুগে যুগে চিরকাল তাঁরই হোক। আমেন।
12প্রিয় বন্ধুরা, যে যন্ত্রণাপূর্ণ পরীক্ষা তোমরা ভোগ করছ, তা কোনো অস্বাভাবিক ঘটনা তোমাদের প্রতি ঘটছে মনে করে বিস্মিত হোয়ো না।
13কিন্তু খ্রীষ্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো, যেন যেদিন তাঁর মহিমা প্রকাশিত হবে, সেদিন তোমরাও অতিশয় আনন্দিত হতে পারো।
14খ্রীষ্টের নামের জন্য যদি তোমরা অপমানিত হও, তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাময় আত্মা তোমাদের উপরে অধিষ্ঠান করছেন।
15তোমরা যদি কষ্টভোগ করো, তাহলে হত্যাকারী বা চোর অথবা অন্য কোনো প্রকার অপরাধী হয়ে, এমনকি, অনধিকার-চর্চাকারীরূপে করো না,
16কিন্তু যদি খ্রীষ্টিয়ান বলে কষ্টভোগ করো, তাহলে লজ্জিত হোয়ো না, বরং সেই নামের জন্য ঈশ্বরের প্রশংসা করো।
17কারণ ঈশ্বরের গৃহেই বিচারের সময় আরম্ভ হল, আর তা যদি আমাদের দিয়ে শুরু হয়, তাহলে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাদের পরিণতি কী হবে?
18আবার, “পরিত্রাণ লাভ যদি ধার্মিকদেরই কষ্টসাধ্য হয়, তাহলে ভক্তিহীন ও পাপীদের কী হবে?”
19তাহলে, সেই কারণে যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কষ্টভোগ করে, তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার কাছে নিজেদের সমর্পণ করুক ও সৎকর্ম করে যাক।
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.