Warriors of Reuben, Gad, and half-Manasseh guarding eastern lands before distant Assyrians

1 বংশাবলি 5

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
রূবেণ, গাদ ও অর্ধ-মনঃশি সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় ভূমি দখল করে এবং ঈশ্বরের কাছে কাঁদলে যুদ্ধে জয়ী হয়। পরবর্তী অবিশ্বস্ততা ও প্রতিমাপূজা আশূরীয় বিজয়, নির্বাসন এবং তাদের স্বদেশ হারানো নিয়ে আসে।
আস্থাসাহসঅবিশ্বস্ততানির্বাসন
1ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের ছেলেরা: (তিনি বড়ো ছেলে ছিলেন, কিন্তু যখন তিনি তাঁর বাবার বিবাহ-শয্যা কলুষিত করলেন, তখন তাঁর জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের ছেলে যোষেফের ছেলেদের দিয়ে দেওয়া হল; তাই তাঁর জন্মগত অধিকারের আধারে তিনি বংশতালিকায় স্থান পাননি,
2এবং যদিও যিহূদা তাঁর দাদা-ভাইদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ও তাঁর থেকেই একজন শাসনকর্তা উৎপন্ন হলেন, জেষ্ঠাধিকার কিন্তু যোষেফেরই থেকে গেল)
3ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের ছেলেরা: হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মী।
4যোয়েলের বংশধরেরা: তাঁর ছেলে শিময়িয়, তাঁর ছেলে গোগ, তাঁর ছেলে শিমিয়ি,
5তাঁর ছেলে মীখা, তাঁর ছেলে রায়া, তাঁর ছেলে বায়াল,
6এবং তাঁর ছেলে বেরা, যাঁকে আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষর বন্দি করে নিয়ে গেলেন। বেরা রূবেণীয়দের একজন নেতা ছিলেন।
7বংশানুসারে তাদের আত্মীয়স্বজন, যারা তাদের বংশতালিকার আধারে নথিভুক্ত হলেন: দলনেতা যিয়ীয়েল, সখরিয়,
8ও যোয়েলের ছেলে শেমা, তার ছেলে আসস, তার ছেলে বেলা। তারা অরোয়ের থেকে নেবো ও বায়াল-মিয়োন পর্যন্ত বিস্তৃত এলাকায় বসতি স্থাপন করলেন।
9পূর্বদিকে তারা সেই মরুভূমির প্রান্ত পর্যন্ত বিস্তৃত এলাকা দখল করলেন, যা ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ছিল, কারণ গিলিয়দে তাদের পশুপাল বৃদ্ধি পেয়েছিল।
10শৌলের রাজত্বকালে তারা সেই হাগরীয়দের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলেন, যারা তাদের হাতে পরাজিত হল; গিলিয়দের পূর্বদিকে গোটা এলাকা জুড়ে তারা হাগরীয়দের বাসস্থানগুলি দখল করে নিয়েছিলেন।
11গাদ বংশীয় লোকেরা তাদের পাশাপাশি থেকে সল্‌খা পর্যন্ত বাশনে বসবাস করলেন:
12তাদের দলপতি ছিলেন যোয়েল, দ্বিতীয়জন শাফম, পরে যানয় ও শাফট, যারা বাশনে ছিলেন।
13পরিবার ধরে ধরে তাদের আত্মীয়স্বজন হলেন: মীখায়েল, মশুল্লম, শেবা, যোরায়, যাকন, সীয় ও এবর—মোট সাতজন।
14এরা হলেন বূষের ছেলে যহদোর, তার ছেলে যিশীশয়, তার ছেলে মীখায়েল, তার ছেলে গিলিয়দ, তার ছেলে যারোহ, তার ছেলে হূরি, তার ছেলে যে অবীহয়িল, এরা সব তাঁর ছেলে।
15গূনির ছেলে অব্দিয়েল, তার ছেলে অহি, তাদের পরিবারের কর্তা ছিলেন।
16গাদ বংশীয় লোকেরা গিলিয়দে, বাশনে ও সেখানকার প্রত্যন্ত গ্রামগুলিতে, ও শারোণের সব চারণভূমি পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করতেন।
17যিহূদার রাজা যোথম ও ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালেই এরা সবাই বংশতালিকায় ঢুকে পড়েছিলেন।
18রূবেণীয়, গাদীয় ও মনঃশির অর্ধেক বংশে 44,760 জন সামরিক পরিষেবার জন্য প্রস্তুত ছিল—যারা সুস্বাস্থ্যের অধিকারী ছিল এবং ঢাল ও তরোয়াল চালাতে পারত, ধনুক ব্যবহার করতে পারত, ও যুদ্ধের জন্য প্রশিক্ষিতও ছিল।
19তারা হাগরীয়দের, যিটূরের, নাফীশের ও নোদবের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হল।
20এদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তারা সাহায্য পেয়েছিল, এবং ঈশ্বর হাগরীয় ও তাদের মিত্রশক্তিকে তাদের হাতে সঁপে দিলেন, কারণ যুদ্ধ চলার সময় তারা তাঁর কাছে কেঁদেছিল। তিনি তাদের প্রার্থনার উত্তর দিলেন, যেহেতু তারা তাঁর উপর ভরসা রেখেছিল।
21তারা হাগরীয়দের গবাদি পশুপাল দখল করে নিয়েছিল: 50,000-টি উট, 2,50,000-টি মেষ ও 2,000-টি গাধা। তারা 1,00,000 লোককেও বন্দি করল,
22এবং আরও অনেকে মারা পড়েছিল, কারণ যুদ্ধটি ঈশ্বরেরই ছিল। এবং নির্বাসনকাল পর্যন্ত তারা দেশটি অধিকার করেই থেকে গেল।
23মনঃশির অর্ধেক বংশের লোকেরা সংখ্যায় প্রচুর ছিল; তারা সেই দেশে বাশন থেকে বায়াল-হর্মোণ, অর্থাৎ সনীর (হর্মোণ পর্বত) পর্যন্ত বসতি স্থাপন করল।
24এরাই তাদের পরিবারের কর্তা ছিলেন: এফর, যিশী, ইলীয়েল: অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল। তারা সাহসী যোদ্ধা, বিখ্যাত পুরুষ, ও তাদের পরিবারের কর্তা ছিলেন।
25কিন্তু তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হলেন এবং তারা দেশের লোকদের সেইসব দেবতার উদ্দেশে বেশ্যাবৃত্তি চালিয়েছিলেন, ঈশ্বর যাদের তাদের সামনেই ধ্বংস করেছিলেন।
26অতএব ইস্রায়েলের ঈশ্বর আসিরিয়ার রাজা সেই পূলের (অর্থাৎ, আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের) মন উত্তেজিত করে তুলেছিলেন, যিনি রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্ধেক বংশকে বন্দি করে নিয়ে গেলেন। তিনি তাদের সেই হলহে, হাবোরে, হারাতে ও গোষণ নদীতীরে নিয়ে গেলেন, আজও পর্যন্ত তারা যেখানে রয়ে গিয়েছে।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.