David’s seasoned warriors returning with oversized Philistine armor and a massive spear

1 বংশাবলি 20

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
অধ্যায়ের সারসংক্ষেপ
যোয়াব রব্বা দখল করেন যখন দাউদ তার মুকুট ও লুট পান। পরবর্তী ফিলিস্তীয় দৈত্যদের সঙ্গে দ্বন্দ্ব দাউদের যোদ্ধাদের দ্বারা জয়ী হয়, প্রদর্শন করে যে ভীতিপ্রদ শত্রুরা ভাগ করা সাহস ও বিশ্বস্ততার মাধ্যমে পতিত হয়।
সাহসবিজয়যোদ্ধাঅধ্যবসায়
1বসন্তকালে, রাজারা সাধারণত যখন যুদ্ধে যেতেন, সেইরকমই এক সময় যোয়াব সশস্ত্র সৈন্যদলকে নেতৃত্ব দিলেন। তিনি অম্মোনীয়দের দেশটিতে লুটপাট চালিয়েছিলেন এবং রব্বায় গিয়ে সেটি অবরোধ করলেন, কিন্তু দাউদ জেরুশালেমেই থেকে গেলেন। যোয়াব রব্বায় আক্রমণ চালিয়ে সেটি ধ্বংসস্তূপে পরিণত করলেন।
2দাউদ তাদের রাজার মাথা থেকে মুকুট কেড়ে নিয়েছিলেন—জানা গেল সেটিতে এক তালন্ত সোনা ছিল, এবং সেটি মূল্যবান রত্নখোচিতও ছিল—আর সেটি দাউদের মাথায় পরিয়ে দেওয়া হল। তিনি সেই নগরটি থেকে প্রচুর পরিমাণে লুটসামগ্রী নিয়ে এলেন
3এবং যারা সেখানে ছিল, সেখানকার লোকজনকেও নিয়ে এসে তিনি তাদের করাত ও লোহার গাঁইতি এবং কুড়ুল চালানোর কাজে লাগিয়ে দিলেন। দাউদ অম্মোনীয়দের সব নগরের প্রতিই এরকম করলেন। পরে দাউদ ও তাঁর সমস্ত সৈন্যদল জেরুশালেমে ফিরে এলেন।
4কালক্রমে, গেষরে ফিলিস্তিনীদের সাথে যুদ্ধ বেধে গেল। সেই সময় হূশাতীয় সিব্বখয় রফায়ীয়দের বংশধরদের মধ্যে সিপ্পয় বলে একজনকে হত্যা করল, এবং ফিলিস্তিনীরা যুদ্ধে পরাজিত হল।
5ফিলিস্তিনীদের সাথে অন্য একটি যুদ্ধে, যায়ীরের ছেলে ইলহানন গাতীয় গলিয়াতের ভাই লহমিকে হত্যা করল, যার বর্শার হাতলটি ছিল তাঁতির দণ্ডের মতো।
6গাতে সম্পন্ন অন্য আর একটি যুদ্ধে, এক-একটি হাতে ছয়টি করে ও এক-একটি পায়ে ছয়টি করে, মোট চব্বিশটি আঙুল-বিশিষ্ট দৈত্যাকার একজন লোক যুদ্ধ করছিল। সেও রফারই বংশধর ছিল।
7সে যখন ইস্রায়েলকে বিদ্রুপের খোঁচা দিয়েছিল, তখন দাউদের ভাই শিমিয়ির ছেলে যোনাথন তাকে হত্যা করল।
8গাতের এই লোকেরাই রফার বংশধর ছিল, এবং তারা দাউদ ও তাঁর লোকজনের হাতে মারা গেল।

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.